চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা চলমান। বাকিসব দল পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হলেও রাজি নয় ভারত। পাকিস্তানও ঘরের বাইরে অন্যকোথাও খেলতে রাজি নয় টুর্নামেন্টটি। নিয়মিত এই ইস্যুতে কথাবার্তা চলমান রয়েছে। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরেও গড়াল বিষয়টি।
শুক্রবার (১৫ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্রিফিং করেন ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। সেসময় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাটিতে ভারত সরকারের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়।
সেই সাংবাদিকদের প্রশ্নে উল্লেখ করা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে ধরা হয় ক্রিকেটে বিশ্বকাপের পর। কিন্তু ভারত সরকার পাকিস্তানের মাটিতে তাদের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পেছনে রাজনৈতিক কারণ আছে। আপনি কি খেলার সঙ্গে রাজনীতি মেশানোটা সঠিক বলে মনে করেন?
এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘প্রথমত আমি ভারত আর পাকিস্তানের সম্পর্কের ব্যাপারে জানি। খেলাধুলা অবশ্যই পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। মানুষকে সংযুক্ত করার ক্ষেত্রে সত্যিকার অর্থেই ক্রীড়া কূটনীতির ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু, যা আমার জানামতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছেও গুরুত্বপূর্ণ বিষয়। আমি চাইব তারা নিজেরাই পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলুক। আমরা তাদের মাঝে প্রবেশ না করি।’
উল্লেখ্য, ২০০৮ সালের পর আর পাকিস্তান সফর করেনি ভারত। সবশেষ এশিয়া কাপও হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায়। রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে।