ব্যাটাররা স্কোরবোর্ডে খুব বেশি রান জমা করতে পারেননি। তবে অল্প পুঁজি নিয়েও নিজেদের উজাড় করে দিলেন বোলাররা। ইকবাল হোসেন ইমন, আজিজুল হাকিমরা মেলে ধরলেন অসাধারণ বোলিং নৈপুণ্য। সুবাদে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখল বাংলাদেশ।
রবিবার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ৫৯ রানের জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। যদিও আগে ব্যাট করে ১৯৮ রানে আটকে গিয়েছিল তারা। তবে দারুণ বোলিংয়ে ভারতকে ১৩৯ রানের বেশি করতে দেয়নি আজিজুল হাকিমের দল। গুটিয়ে দিয়েছে ৩৫.২ ওভারেই।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল প্রতিযোগিতার সর্বাধিক ৭ বারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। শুধুমাত্র চতুর্থ উইকেটে ৬২ রানের একটি জুটি হয়েছে। মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন এই জুটিটি গড়েন।
শিহাব ৬৭ বলে ৪০ ও রিজান ৬৫ বলে ৪৭ রানে করেন। সাত নম্বরে নেমে ফারিদ হাসান খেলেন ৪৯ বলে ৩৯ রানের ইনিংস। এতেই ৪৯.১ ওভারে ১৯৮ রান করতে পারে বাংলাদেশ।
ভারতের পক্ষে দুটি উইকেট নেন যুধাজিৎ গুহ, হার্দিক রাজ ও চেতন শর্মা।
এত অল্প রানের পুঁজিতে বাংলাদেশ কতটা কী করতে পারবে, এই সংশয়ই তৈরি হয়েছিল। তবে বোলাররা এই অল্প পুঁজি নিয়েই নিজেদের উজাড় করে দিয়েছেন। তাইতো দেড়শ রানও করতে পারেনি ভারতের যুবারা।
অধিনায়ক মোহাম্মদ আমান ৬৫ বল খেলে মাত্র ২৬ রান করেছেন। এটিই ভারতের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। হার্দিক রাজ দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন ২১ বলে।
বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম। এ ছাড়া আল ফাহাদ ২টি, মারুফ মৃধা ও রিজান হোসেন নিয়েছেন একটি করে উইকেট।
ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা দুটি পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন।
তোফায়েল/সালমান/