জিতলেই নিশ্চিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমন সমীকরণ নিয়ে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চাপের ম্যাচে শুরুটা দুর্দান্ত হয়েছে অজিদের। রোহিত শর্মাহীন ভারতকে অলআউট করেছে মাত্র মাত্র ১৮৫ রানে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) সিডনি টেস্টের টসে প্যাট কামিন্সের সঙ্গী ছিলেন জাসপ্রিত বুমরাহ। গতকালই নিশ্চিত ছিল গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলা হচ্ছে না রোহিতের। এ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এর ওপর বুমরাহ টস জিতে ব্যাটিং নেওয়ার পর ভারতের অল্প রানে গুটিয়ে যাওয়ার ঘটনায় সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।
সিডনির মাঠ সবুজে ছেয়ে ফেলা হয়েছে। এমন উইকেটে প্রথম ব্যাটিংয়ে নেমে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। দিনের প্রথম সেশনেই খুইয়ে বসে ৩ উইকেট। পুঁজি ছিল মাত্র ৫৭ রান। ভারতীয় লাইনআপে প্রথম আঘাত হানেন মিচেল স্টার্ক। শিকার বানান লোকেশ রাহুলকে (৪)। খানিকবাদে যশস্বী জয়সওয়ালকে (১০) সাজঘরে পাঠান স্কট বোল্যান্ড।
প্রথম সেশনের শেষ ওভারে বিরাট কোহলি এবং শুভমান গিলের ৪০ রানের জুটি ভাঙেন নাথান লায়ন। অজি স্পিনারের ঘূর্ণিতে পথ হারান গিল (২০)। দ্বিতীয় সেশনে ভারত ১টি মাত্র উইকেট হারায়। ১৭ রান করা কোহলিকে আউট করেন বোল্যান্ড। দিনের শেষ সেশনে ধস নামে ভারতীয়দের ব্যাটিং লাইনআপ।
ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন ঋষভ পন্ত। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন বোল্যান্ড। স্টার্ক ৩টি, কামিন্স ২টি এবং লায়ন ১টি উইকেট শিকার করেন। দিনের শেষ বলে অজি ওপেনার উসমান খাজাকে (২) আউট করেন বুমরাহ। উইকেটের অপরপ্রান্তে স্যাম কনস্টাস অপরাজিত ছিলেন ৭ রানে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ রান।