ভারত ও পাকিস্তানের ম্যাচে বরাবরই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাবটা থাকে। কেউই কারো দেশের মাটিতে খেলতে রাজি হতে নারাজ। এবার সেই উত্তাপটা এসে পড়ল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে।
দুই দলের অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ম্যাচটি বাতিল হয়ে গেছে। ডব্লিউসিএল কর্তৃপক্ষ ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়েছে ভারত এসে অংশ নিতে অস্বীকৃতি জানানোয়।
ডব্লিউসিএল-এর পক্ষ থেকে এক্সে এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান হকি দলের ভারত সফর এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান ভলিবল ম্যাচ দেখে আমরা ভেবেছিলাম, একটি প্রীতি ম্যাচের মাধ্যমে পুরোনো সুখস্মৃতি ফিরিয়ে আনা যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে অনেকের অনুভূতিতে আঘাত দিয়েছি। এ জন্য আমরা দুঃখিত। তাই ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতের স্কোয়াডটি সাজানো হয়েছে ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা ও সেই বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট যুবরাজ সিংকে অধিনায়ক করে। সেই দলের অন্যান্য ক্রিকেটাররাও এই ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। সে দলে রয়েছেন শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না, রবিন উথাপ্পা ও বরুণ অরুন। তারা কেউই খেলতে রাজি নন পাকিস্তানের বিপক্ষে খেলতে।
গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলমান রয়েছে। ভারতের পক্ষ থেকে পরিচালনা করা হয় ‘অপারেশন ‘অপারেশন সিঁন্দুর।’ সবকিছু বিবেচনায় নিয়েই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ক্রিকেটাররা।
নিজের অবস্থান স্পষ্ট করে শিখর ধাওয়ান বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচে অংশ নিচ্ছি না। এই সিদ্ধান্ত আমি ১১ মে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছিলাম। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং পেহেলগাম হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
২০২৫ সালের এই ডব্লিউসিএল প্রতিযোগিতা চলবে ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। ইংল্যান্ডের বার্মিংহাম, লেস্টার, লিডস এবং নরথ্যাম্পটনে হবে ম্যাচগুলো।