কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে সন্ত্রাসীদের গুলিতে ২৮ জন নিহতের ঘটনায় রাজনৈতিক বৈরিতা তৈরি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। দিও দেশই জড়ায় যুদ্ধে সেই ঘটনার জের ধরে।
তখন পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করা উচিত বোলে মন্তব্য করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে না চাইলে সেটিও সমর্থন দেওয়ার কথা বলেছিলেন তিনি।
কিন্তু নিজের সেই অবস্থান থেকে সরে এসেছেন সৌরভ। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। সেটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, খেলাকে খেলার মতোই চলতে দেওয়া উচিত। অন্য কোনো কারণে খেলা বন্ধ করা উচিত নয়।
গত ২৬ জুলাই (শনিবার) এশিয়া কাপ শুরু ও আসরের ব্যাপ্তিকাল সম্পর্কে জানান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, ফাইনাল ২৮ সেপ্টেম্বর।
দুই গ্রুপে খেলা হবে এশিয়া কাপ। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান।
গতকাল কলকাতায় বার্তা সংস্থা এএনআইকে সৌরভ বলেন, ‘আমার এ নিয়ে (ভারত-পাকিস্তান ম্যাচ) কোনো সমস্যা নেই। খেলাধুলা চলতেই থাকবে। সন্ত্রাসবাদ বা পেহেলগাম হামলার মতো ঘটনা কখনোই ঘটানো উচিত নয়, কিন্তু তার মানে এই নয় যে ক্রিকেট বন্ধ হয়ে যাবে।’
অতীতে এ ব্যাপারে যত আলোচনা-সমালোচনা হয়েছে তা ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি, ‘যা কিছু ঘটেছে, তা এখন অতীত। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কোনো পরিস্থিতিতেই খেলাধুলা থেমে থাকা উচিত নয়। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, কিন্তু ক্রিকেট চলতে থাকা উচিত।’