আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। সেই আসরকে সামনে রেখে আম্পায়ারদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সেই তালিকায় আছেন দুই বাংলাদেশি আম্পায়ার, মাসুদুর রহমান ও গাজী সোহেল। আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের লড়াইয়েও মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন একজন বাংলাদেশি। সেই দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান মুকুল।
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার সঙ্গে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, আর ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।
ভারতের অন্য আরেক ম্যাচে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আরেক আম্পায়ার গাজী সোহেল। ১০ সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচে তিনি থাকছেন আম্পায়ার হিসেবে। এছাড়া তাকে দেওয়া হয়েছে আরও একটি ম্যাচের দায়িত্ব।
২০২২ সালের টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপেও ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে মাঠের আম্পয়ায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাসুদুর রহমান। সাদা বলের মোট ৬৪টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
মোট ৮ দল অংশ নিচ্ছে এবারের আসরে। গ্রুপপর্বে হবে ১২ ম্যাচ। এসিসি মোট আটজন আম্পায়ার নিয়োগ দিয়েছে। সমান দুজন করে আম্পায়ার নিয়োগ পেয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান থেকে।
ভারত থেকে যাচ্ছেন রোহান পন্ডিত ও বিরেন্দর শর্মা। পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন আফগানিস্তান থেকে বেছে নেওয়া হয়েছে আহমেদ পাকতিন ও ইজাতুল্লা শফিকে। রিচি রিচার্ডসন ও অ্যান্ডি পাইক্রফট টুর্নামেন্টজুড়ে থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। সুপার ফোর ও ফাইনালের জন্য পরে চূড়ান্ত করা হবে নতুন তালিকা।