ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে ম্যাচের আলোচনার চেয়ে বাইরের বিষয় নিয়ে আলোচনা চলে বেশি। যেমন এবার শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়াবে কিনা, এ নিয়ে ছিল অনেক প্রশ্ন। দুদিন আগে ম্যাচ শেষ হলেও এখনও চলছে চর্চা।
তবে এই চর্চা ম্যাচের জয়-পরাজয় নিয়ে নয়। মূল আলোচনা দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে। ঘটনার শুরু টস থেকেই। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় হাত মেলাননি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে। এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও পাকিস্তান অধিনায়ককে সূর্যকুমারের সঙ্গে হাত না মেলাতে বলেন।
ম্যাচ রেফারির এমন আচরণে হতবাক পাকিস্তান দল। একজন ম্যাচ রেফারি কীভাবে এমন আচরণ করতে পারেন সেটাই তাদের । আইসিসির কাছে এই ম্যাচ রেফারিকে প্রত্যাহার আবেদন করে পাকিস্তান।
তবে পাকিস্তানের এমন অভিযোগ প্রত্যাহার করেছে আইসিসি। পিসিবিকে গতরাতে সেটা জানানো হয়েছে।
সালমান আলি আগাকে করমর্দন থেকে বিরত থাকতে বলায় ম্যাচ রেফারি পাইক্রফটের ভূমিকা নিয়ে পিসিবি অসন্তুষ্ট ছিল। এই অভিযোগের ব্যাখ্যা আইসিসি বলেছে, মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর কর্মকর্তারাই নাকি পাইক্রফটকে জানিয়েছিলেন যে টসের সময় করমর্দন হবে না।
আইসিসি তাদের চিঠিতে স্পষ্ট করে জানিয়েছে এবং ভারতীয় দলের হয়ে ম্যাচ রেফারির কাজ করার অভিযোগটি খারিজ করা হয়েছে।
তবে ঘটনা কেবল টসের সময় নয়। ম্যাচ শেষেও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এমনকি পাকিস্তানি ক্রিকেটাররা সৌজন্যতা দেখিয়ে ভারতীয় ড্রেসিংরুমের সামনে গেলে তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়।
ভারতের এই আচরণের প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক সালমান ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন।
নিলয়/