ফিফা বিশ্বকাপে একের পর এক বড় অঘটন আর চমকপ্রদ সব ফলাফলই এখন বড় অনুপ্রেরণা নিউজিল্যান্ডের। আর সেই বিশ্বাসকে পুঁজি করেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হতে যাচ্ছে তারা।
আগামী শুক্রবার গ্রুপ 'জি' এর এই মহাগুরুত্বপূর্ণ ও বাঁচা-মরার লড়াইয়ে তলানিতে থাকা নিউজিল্যান্ড যেকোনো বড় অঘটন ঘটাতে পারে বলে হুঙ্কার দিয়েছেন দলটির কোচ ড্যারেন বেজলি।
টুর্নামেন্টে কিউইদের অবস্থান এখন পর্যন্ত বেশ নড়বড়ে। প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে মিশরের কাছে ৩-১ ব্যবধানে হেরে বসে তারা। এবার তাদের সামনে দাঁড়িয়ে বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষ, যাদের ডেরায় আছেন কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু এবং জেরেমি ডোকুর মতো তারকা খচিত আক্রমণভাগ। যদিও ইউরোপের এই পরাশক্তিরা চলতি টুর্নামেন্টে এখনও তাদের চেনা ছন্দ খুঁজে পায়নি।
বিশ্বকাপের ইতিহাসে এখনও নিজেদের প্রথম জয়ের খোঁজে থাকা নিউজিল্যান্ডের নকআউট পর্বে যাওয়ার সমীকরণটা বেশ জটিল। রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে যেতে হলে বেলজিয়ামকে তো হারাতেই হবে, সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন গ্রুপ টেবিলের শীর্ষে থাকা মিশরকে হারাতে না পারে ইরান। অবশ্য গ্রুপে তৃতীয় হওয়া সেরা আটটি দলের একটি হিসেবেও নকআউটে যাওয়ার সুযোগ থাকছে তাদের সামনে।
বৃহস্পতিবার (২৫ জুন) কোচ ড্যারেন বেজলি সাংবাদিকদের বলেন, 'এই বিশ্বকাপে ইতোমধ্যেই বেশ কিছু অপ্রত্যাশিত ফলাফল আমরা দেখেছি। গতকালই আমরা দেখলাম দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। আর এইমাত্র দেখলাম ইকুয়েডরের কাছে জার্মানির পরাজয়। ১ পয়েন্ট নিয়ে থাকা একটা দল এক ম্যাচেই ৪ পয়েন্টে পৌঁছে কোয়ালিফাই করে গেল।'
তিনি জানান, 'আমাদের বিশ্বাস রাখতেই হবে। দলের সবার মনেই সেই আত্মবিশ্বাস আছে। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা যথেষ্ট যোগ্য এবং আগামীকালকের ম্যাচে জয় ছিনিয়ে এনে আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব। আমাদের লক্ষ্য হলো ইতিহাস গড়া এবং বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার হওয়া। খেলোয়াড়দের সামনে মাঠের নেমে ঠিক এই কাজটাই করে দেখানোর দারুণ সুযোগ রয়েছে।'
নিউজিল্যান্ডের এই স্বপ্ন পূরণের মূল কাণ্ডারি হিসেবে ভাবা হচ্ছে অধিনায়ক ক্রিস উডকে। নটিংহ্যাম ফরেস্টের ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার চলতি টুর্নামেন্টে এখনও গোলের দেখা না পেলেও, দুটি অ্যাসিস্ট করে দলে অবদান রেখেছেন।
কোচ বেজলি ক্রিস উডকে নিয়ে জানান, উড একজন জাত গোলদাতা, সে প্রিমিয়ার লিগে খেলে। আর এবারের বিশ্বকাপ তো বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের গোল করার মঞ্চ। উডসির জন্য কাজটা একটু কঠিন হচ্ছে, কারণ সে দলের জন্য কঠোর পরিশ্রম করছে এবং সামনে থেকে আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছে। আমরা আসলে তাকে নিখুঁত পাস বা সুযোগ তৈরি করে দিতে পারছি না। আমরা জানি সুযোগ পেলে সে গোল করবেই, এটাই তার কাজ।
থিওটোনিয়াস/