বরগুনায় ইন্টার্ন ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্স ও মিডওয়াইফারির ইন্টার্নরা।
রবিবার (১ অক্টোবর) দুপুরে বরগুনা প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় তারা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।
মানববন্ধনের পর তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বরগুনার সভাপতি ইসরাত জাহান মিতু, সহ-সভাপতি আবু তাহের আলী, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার।
বক্তারা জানান, তারা তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নাসিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি পাস করে ইন্টার্ন করছেন। সরকারি গেজেটে ইন্টার্ন নার্সদের মাসে ৭ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা থাকলেও কোন ভাতা পাচ্ছেন না তারা। এনিয়ে ইতোপূর্বেও ভাতার দাবি করেছেন তারা।
সভাপতি ইসরাত জাহান মিতু বলেন, শ্রমের মূল্য হিসেবে ইন্টার্ন ভাতা দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ইন্টার্ন ভাতা আটকে আমাদের প্রাপ্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করছে। ইন্টার্ন ভাতা দিলেই কর্মবিরতি বন্ধ করে সবাই কাজে ফিরবে।
তিনি বলেন, ইন্টার্ন ভাতার জন্য ডিরেক্টর জেনারেল অব নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলে কয়েকবার গেলেও বিষয়টি সুরাহা হয়নি। তাই এই দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকাল কর্মবিরতি চালবে।