কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বভাবকবি রাধাপদ রায়ের ওপর হামলাকারী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) দুপুর দেড়টায় কুড়িগ্রাম সদরের শাপলা চত্বর এলাকায় একটি অটোরিকশা থেকে নাগেশ্বরী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আশিক খবরের কাগজকে জানান, রাত থেকে পুলিশের একটি টিম আসামি গ্রেপ্তারের জন্য কাজ করছিল। সকালে খবর মেলে অটোরিকশায় করে আসামি পালানোর চেষ্টা করছে। পরে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল বর্তমানে পুলিশ সুপার কার্যালয়ে আছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সকালে তার নিজ গ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকায় ৮০ বছর বয়সী রাধাপদ রায়ের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিবেশী রফিকুল ইসলাম। হামলায় কবির পিঠে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়। পরে এই কবিকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলাকারী রফিকুল কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান।
হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছিলেন।