দুই পক্ষের দ্বন্দে ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধের তৃতীয় দিন চলছে। ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহন ও রাজবাড়ী বাস মালিক সমতির দ্বন্দের ফলে ৩ অক্টোবর থেকে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, “কিছুদিন আগে রাজবাড়ী বাস মালিক সমিতির সাথে আলোচনা না করেই গোল্ডেন লাইন ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল শুরু করে। সে সময় দুইদিন বাস চলাচল বন্ধ রাখি আমরা। পরে আলোচনার মাধ্যমে তাদের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে এখন তারা ইচ্ছেমতো বাস চালু করেছে। গোল্ডেন লাইন পরিবহন দুটি বাসের পরিবর্তে ছয়টি বাস চালিয়েছে। ফলে রাজবাড়ী বাস মালিক সমিতি থেকে গোল্ডেন লাইনের দুটি বাস রেখে বাকি বাসের যাত্রী নামিয়ে খালি বাস ফেরত পাঠায়। এর প্রক্ষিতে গত রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার গাবতলীর গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা রাজবাড়ীর সকল বাস কাউন্টার বন্ধ করে দেন। এ সময় তারা বলেন, রাজবাড়ীর কোন বাস ঢাকায় আসবে না এবং ঢাকার কোন বাস রাজবাড়ী যাবে না।“
তিনি জানান, বিষয়টি সমাধানের জন্য রাজবাড়ী জেলা প্রশাসকের উদ্যোগে আগামী ৮ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিষয়টি সমাধান হবে বলে আশা করি।
রাজবাড়ী বাস মালিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন খবরের কাগজ-কে বলেন, “বাস বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তির সাথে সাথে আমরা বাস মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে বিষয়টি সমাধান না হলে বাস চালু করা সম্ভব হচ্ছে না।“