সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর তাসলিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা পৌরসভার কামালনগর এলাকার একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাসলিমা খাতুন ওই এলাকার আদম আলী সরকারের মেয়ে।
নিহতের মা আয়েশা খাতুন বলেন, ‘১১ দিন আগে তাসলিমার সঙ্গে তার স্বামী মাকসুদুল হক সোহানের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে প্রতিনিয়ত সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিত। একপর্যায়ে গত ২ অক্টোবর সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়। এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর বুধবার বিকেলে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার মরদেহ দেখেন স্থানীয়রা। আমাদের ধারণা, তাসলিমাকে হত্যার পর তার স্বামী সোহান লাশটি বাঁশবাগানে রেখে যায়।’
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।