আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিক বোতলের ব্যবহার অহরহ। আর এসব প্লাস্টিক আমরা ব্যবহারের পর হরহামেশাই রাস্তায় কিংবা ড্রেনে ছুড়ে মারি। এতে পরিবেশ দূষণ, জলাবদ্ধতাসহ নানা সমস্যা সৃষ্টি হয়। যা পরে আমাদেরকেই ভুগতে হয়। এবার পরিবেশ বাঁচাতে অনন্য এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের মানবিক সংগঠন ‘সেতু’ যুব ও সমাজকল্যাণ সংস্থা। সংস্থাটি নগরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করেছে নেটের তৈরি বিশেষ বিন। যেখানে প্লাস্টিক ফেললেই মিলছে খাবারের প্যাকেট। পরিবেশবান্ধব এ কর্মসূচি চলবে বছরজুড়ে।
‘খালি প্লাস্টিক বোতল জমা দিন- বিনিময়ে খাদ্য নিন’ এই প্রতিপাদ্য নিয়ে অসচ্ছল ব্যক্তি, শ্রমজীবী, সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ৫০০ প্যাকেট খাবার বিতরণের মাধ্যমে গত ২১ ফেব্রুয়ারি বিকালে শহরের সিআরবি সাত রাস্তার মোড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন- সংগঠনের অন্যতম উপদেষ্টা রাজনীতিক ও সংগঠক বেদারুল আলম চৌধুরী বেদার।
এতে সংগঠন উদ্যোক্তা সমাজ হিতৈষী ইশতিহাদ হোসেন শিপনের সভাপতিত্বে ও শিক্ষিকা জাহেদা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সহায়তাকারী প্রতিষ্ঠান মাকমুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল আলম জনি।
বিশেষ অতিথি ছিলেন বিআইজিএম-এর অর্থনীতি গবেষণা সহকারী রায়হান উদ্দিন, সাংবাদিক ইমরান এমি।
এতে উদ্যোক্তা সংস্থা সেতু’র পক্ষে অংশ নেন ইমরান হাসান, সিফাত সালেকীন, আবদুল মান্নান সোহেল, সাজ্জাদ নাওয়াল, তানভীর হোসেন নয়ন, মনিশা আক্তার শিমু, শুভ হাসান, মোহাম্মদ শাকিল প্রমুখ।
সেতু’র পরিচালক শিপন খবরের কাগজকে বলেন, পুরো বছর জুড়ে বিশেষ বিশেষ জাতীয় দিবসে তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এই সংগঠন দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিত শিশু, কিশোর, যুবকের পড়ালেখা, ক্রীড়া প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা দিয়ে আসছে যা আগামীতেও অব্যাহত থাকবে।
এ লক্ষ্যে তিনি সেবা সংস্থা ও বিত্তবানদের সহায়তা কামনা করেন।
মনির/জোবাইদা/অমিয়