চট্টগ্রামে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে। পণ্য সরবরাহ স্বাভাবিক হতে সপ্তাহখানেক লাগবে বলে জানান টিসিবির কর্মকর্তারা। এর আগে পবিত্র রমজান মাস উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। এরপর নগরের বিভিন্ন পয়েন্টে ৪০-৪২টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করে আসছিল টিসিবি। তবে সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় আজ (রবিবার) নগরের মাত্র সাতটি পয়েন্টে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি।
এদিকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) নগরের টাইগারপাস এলাকায় পণ্য বিক্রি করে টিসিবি। বিক্রি করা হয় চাল, ডাল, তেল ও ছোলা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করছিলেন মানুষ। সেখানে ক্রেতা মো. শফিউল আলম বলেন, ‘ডাল, তেল, ছোলার মান ঠিক আছে। কিন্তু চালটা ভালো না। চালে পোকা পেয়েছি। তবুও কিনতে হচ্ছে। এখানে যে দামে পাব, বাইরে আরও বাড়তি দাম দিয়ে কিনতে হবে।’
টিসিবি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক সাদ্দাম হোসাইন খবরের কাগজকে বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি থেকে সাশ্রয়ী দামে প্রথম পর্বের বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। এতে রয়েছে এক কেজি ছোলা, পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল ও দুই কেজি তেল। কার্ডধারীরা ডিলারদের কাছ থেকে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা কেজি এবং প্রতি কেজি ছোলা ৫৫ টাকা দরে কিনতে পারছেন। তবে এখন পণ্যের সংকট আছে। আগামীকালের পর আর পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। পণ্য সরবরাহ স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে।