চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার ফৌজদারহাটে নতুন জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। এতে পুরুষের পাশাপাশি আলাদাভাবে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। আর অজুখানাসহ বিশেষ সুযোগ-সুবিধা থাকায় মসজিদের জামাতে আগ্রহ বেড়েছে নারীদের।
এই মসজিদে নারীরা আলাদাভাবে জামাতে ওয়াক্ত ও জুমার নামাজ আদায় করতে পারবেন। রমজান মাসেও খতমে তারাবির নামাজ পড়ানো হবে।
এই মসজিদে নারীদের নামাজের জন্য সাড়ে তিন হাজার বর্গফুটের বিশাল স্থান এবং একটি লাইব্রেরি করা হয়েছে।
মসজিদের প্রতিষ্ঠাতা শিল্পপতি মোহাম্মদ কামাল উদ্দিন গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাত উপলক্ষে মাগরিবের নামাজের পর মসজিদে মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান উদ্বোধন করেন।
চারতলা মসজিদের নিচতলায় মহিলাদের নামাজের স্থান, গ্রন্থাগার ও গবেষণাকেন্দ্র করা হয়েছে। এছাড়া তাবলীগ জামায়াতের অংশগ্রহণকারীরা মসজিদে অবস্থানের সুব্যবস্থাও করা হয়েছে।
মসজিদের খতিব আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাসুদুর রহমান মহিলাদের নামাজের স্থান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, সৌদি আরবে যেসব মসজিদে পুরুষরা নামাজ পড়েন সেখানে নারীদেরও নামাজের ব্যবস্থা আছে। মসজিদে বিভিন্ন দিবস ছাড়াও শুক্রবারে ইসলামের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত না থাকায় নারীরা এ বিষয়ে সচেতন নয়। তাই এই মসজিদে পুরুষদের পাশাপাশি পৃথকস্থানে মহিলারাও নির্দিষ্ট স্থানে জামাতে নামাজ আদায় করবেন। তাতে মা-বোনেরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মামুনুর রহমান, হাফেজ মোহাম্মদ উল্লাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোয়াইব, মো. শাহাবুদ্দিন, মো. মিয়া, মোহাম্মদ কায়সার ও জাহিদুল আলম প্রমুখ।
ইফতেখারুল ইসলাম/অমিয়/