নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ফিলিস্তিনসহ নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের জন্য প্রার্থণা করা হয়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় জমিয়তুল ফালাহ মসজিদ ও মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। জামাত শেষে খুতবা পাঠ করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিনসহ নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবু সুফিয়ান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী ও সোলায়মান আলম শেঠসহ রাজনৈতিক ও ব্যবসায়ি নেতারা নামাজ আদায় করেন। ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা।
নামাজ শেষে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। দ্বিতীয় জামাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম।

এ ছাড়াও নগরের লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহি জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতে মুসল্লিদের নিরাপত্তার জন্য সিসিটিভি মনিটরিংসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।
ইফতেখারুল/জোবাইদা/অমিয়/