পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অতিরিক্ত মুনাফা দেবে বলে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ব্যাংকের বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ পর্যন্ত দুই কোটি ৫১ লাখ টাকা ওই ম্যানেজার নিয়ে গেছেন বলে দুই গ্রাহক জানিয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ব্যাংকের ওই শাখায় গিয়ে বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, মডেল থানার তদন্তকারী কর্মকর্তা নজরুল ও গ্রাহকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
নিখোঁজ ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী (৪০) জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা।
ব্যাংকের নিয়মিত গ্রাহক স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন লিটন বলেন, ‘ব্যাংকের ব্যবস্থপক শ্রীকান্ত নন্দী গত ১৪ জানুয়ারি এই শাখায় জয়েন্ট করেন। এরপর থেকেই আমার সঙ্গে পরিচয়। ঈদের আগে তিনি আমার কাছ থেকে টাকা ধার চায়। কয়েকদিনের মধ্যে দিয়ে দেবে বলেন। আমি সরল বিশ্বাসে তাকে এক কোটি ৭৬ লাখ টাকা দিই। কিন্তু সে টাকা নিয়ে দিয়ে ব্যাংক থেকে চলে যায়। কিভাবে কী করল তা বুঝে উঠতে পারিনি। এই ঘটনায় আমি ১৩ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেছি।’
আরেক গ্রাহক কচুয়া উপজেলার আশ্রাফুর এলাকার দলিল লেখক মারুফ। অধিক মুনাফা দেবে বলে তার কাছ থেকে শ্রীকান্ত নন্দী নেন ৭৫ লাখ টাকা। মারুফের আত্মীয় একই ব্যাংকের গ্রাহক নাছির উদ্দিন খান বলেন, ‘সে অধিক মুনাফা দেবে বলে আমার আত্মীয় মারুফের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেয়। টাকা না দেওয়ায় ঈদের আগে তার সঙ্গে দুই বার বৈঠকে বসা হয়েছে। ঈদের পরে টাকা ফেরৎ দেবে বলে এখন তিনি নিখোঁজ।’
এদিকে শ্রীকান্ত নন্দী গত ৪ এপ্রিল বিকেল ৩টার পরে ব্যাংক থেকে নিখোঁজ রয়েছে মর্মে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। তিনি ওই জিডিতে উল্লেখ করেন, শ্রীকান্ত নন্দীর ব্যাক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
হুমায়ুন কবির বলেন, ‘ঈদের আগে শেষ কর্মদিবসে আমাকে এই শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আজই এই শাখায় যোগদান করেছি। শ্রীকান্ত নন্দীর নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাকে অনেক খোঁজখুঁজি করে না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে। ঘটনটি তদন্ত চলছে। আমাদের অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা নেই।’
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল বলেন, ‘ঈদের আগে ৯ এপ্রিল পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. হুমায়ুন কবির ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ রয়েছেন মর্মে থানায় সাধারণ ডায়েরি করেছেন। সে ডায়েরির আলোকে আমাকে বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। লেনদেনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
শরিফুল ইসলাম/অমিয়/