অ্যান্টিগুয়া ও বার্বুডার পররাষ্ট্র, কৃষি ও বাণিজ্য মন্ত্রী এভারলি পাল চেট গ্রিন বলেছেন, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে আমরা খুব শীঘ্রই মিশন চালু করবো।
মঙ্গলবার (১৬ এপ্রিল) নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এভারলি পাল চেট গ্রিন বলেন, অ্যান্টিগুয়া ও বার্বুডার পর্যটন ও মৎস্য সেক্টর অনেক সমৃদ্ধশালী। এছাড়াও এখানে উৎপাদন হয় রিফাইন্ড পেট্রোলিয়াম, সয়াবিন ও সুগারক্যানসহ বিভিন্ন কৃষি পণ্য।
তিনি আরও বলেন, অ্যান্টিগুয়া ও বার্বুডার রয়েছে শক্তিশালী পাসপোর্ট। পৃথিবীর ১৬০টি দেশে সহজে যেতে পারে পাসপোর্টধারীরা। এছাড়াও এখানে রয়েছে ঝামেলামুক্ত বিনিয়োগ সুবিধা। বিনিয়োগকারীরা আমেরিকাসহ যুক্তরাজ্য এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সহজে প্রবেশ করতে পারে।
তাই বাংলাদেশের ব্যবসায়ীদের এসব সুবিধা বিবেচনা নিয়ে বিনিয়োগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি উভয়ে দেশের মধ্যে সম্পর্ক জোরদার, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন ও হসপিটালিটির বিকাশে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চল বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ম্যানুফ্যাকচারিং এবং টেক্সটাইল খাতে বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ছড়িয়ে পড়ছে। বিশ্বের নামীদামি ব্র্যান্ডের পোশাক তৈরি করে বাংলাদেশি ব্যবসায়ীরা।
তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১৮ কোটি মানুষের বিশাল বাজার। এখানে ভৌগোলিক সুবিধা ব্যবহার করে চট্টগ্রামে অবস্থিত দেশের বৃহত্তম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল-বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটন খাতে অ্যান্টিগুয়া ও বার্বুডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ আকতার পারভেজ, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন মাহমুদ, ওমর মুক্তাদির, অ্যান্টিগুয়া-বার্বুডা প্রতিনিধিদলের বিনিয়োগ ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তা চারমাইন ডোনোভান, পিএইচপি গ্রুপের পরিচালক মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।