বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় এক সন্দেহভাজনসহ কেএনএফের দুই সদস্যকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন এ রায় দেন। এর আগে কোর্ট ইন্সপেক্টর এ কে ফজলুল হক আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ওই সময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মাহতুল হোসেন যত্ন জামিন আবেদন করেন।
কোর্ট ইন্সপেক্টর এ কে ফজলুল হক জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে বান্দরবান জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের এজলাসে হাজির করা হয়। পরে আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।
গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা বাজারের মসজিদ ও সোনালী ব্যাংকে হামলা চালায় কেএনএফ সদস্যরা। ওই সময় তারা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। এর পরের দিন গত ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি মামলা করা হয়। ডাকাতির ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করে যৌথ বাহিনী। ইতোমধ্যে কেএনএফের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।