চট্টগ্রাম, ফেনী, মাদারীপুর, নোয়াখালী ও মুন্সীগঞ্জে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর
চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৬ জন
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গুনিয়া, রাউজান ও সন্দ্বীপের ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। স্থানীয় এমপিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের কারণেই এই ছয়টি পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন এই তিন উপজেলার রাজনৈতিক নেতারা।
জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসনে আরা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা ইয়াসমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তা ছাড়া দ্বীপ উপজেলা সন্দ্বীপে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওমর ফারুক।
তিন উপজেলার রাজনৈতিক নেতারা জানান, এই তিন উপজেলার ছয়টি পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন। কিন্তু যেসব পদে একের অধিক প্রার্থী রয়েছেন সেখানে পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে বাকি প্রার্থীদের সরে যেতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের দিয়ে চাপ প্রয়োগ করেছেন এমপিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সন্দ্বীপ উপজেলার এক প্রার্থী বলেন, ‘মনোনয়নপত্র জমা না দিতে আমাকে নিষেধ করা হয়েছিল। নির্বাচন থেকে আমাকে সরে যেতে নানাভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবুও আমি সাহস করে মনোনয়নপত্র জমা দিয়েছি। এই মনোনয়ন যাতে না টেকে সেটা নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছিল।’
ফেনীর এক চেয়ারম্যানসহ চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ফেনী প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১০ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সফিকুল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
অন্যদিকে ফুলগাজী উপজেলায় ১২ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় সেখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি চারজনের মধ্যে দুজন চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়াম্যান পদে আগামী ৮ মে নির্বাচনে লড়াই হবে।
শিবচরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়ার পথে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম নাসিরুল হকের স্ত্রী আয়শা সিদ্দিকা ও ভাইস চেয়ারম্যান পদে কাঁঠালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বি এম আতাউর রহমানও (আতাহার) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে। কারণ, এই উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়া তিন ‘ডামি প্রার্থী’ গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আর ভোটের দরকার হচ্ছে না।
হাতিয়ায় নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর হাতিয়ায় নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। তবে চেয়ারম্যান পদে ভোট হবে। সেখানে স্থানীয় এমপি মোহাম্মদ আলী তার ছেলে আশিক আলীকে প্রার্থী করেছেন। উপজেলায় আওয়ামী লীগের আর কেউ প্রার্থী হওয়ার সাহস করেননি। ছেলের প্রার্থিতা কোনো কারণে বাতিল হয়ে গেলে চেয়ারম্যান পদ যাতে পরিবারের মধ্যেই থাকে, সে জন্য সংসদ সদস্য নিজের স্ত্রী দুবারের সংসদ সদস্য আয়েশা ফেরদৌসকে ডামি প্রার্থী করেছেন। দেশের বিভিন্ন উপজেলায় একই চিত্র দেখা গেছে।
চাঁদপুরে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিন এই দুই উপজেলায় পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যার ফলে তিনটি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১২ জন প্রার্থী। মতলব দক্ষিণে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
নির্বাচন অফিসের দেওয়া তথ্যে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. শাহ আলম খান ও মো. আসলাম মিয়াজী মনোনয়নপত্র প্রত্যাহার করায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. শওকত আলী বাদলের।
মতলব উত্তর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়নপত্র দাখিল করেন। তিনি হলেন লাভলী চৌধুরী। তার কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। লাভলী চৌধুরী হলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ভাতিজার স্ত্রী।
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনিস উজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান সোহেল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিলেন আনিস উজ্জামান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন করে প্রার্থী থাকলেও ওই পদগুলোতে একজন করে প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ কারণে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না।