চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে জয় বিশ্বাস নামে এক পরীক্ষার্থী আটক হয়েছেন। তিনি সশরীরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তার পরিবর্তে আরেকজন পরীক্ষা দিয়েছিল।
শনিবার (১৮ মে) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতায়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ড বসে সকাল ১০টা থেকে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ ৪ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার নথিপত্র দেখে লিখিত পরীক্ষায় অন্যের মাধ্যমে প্রক্সি দেওয়ানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি লিখিত পরীক্ষায় অন্যকে দিয়ে প্রক্সি দিয়েছিলেন। পরে শনিবার নিজে ভাইভা দিতে এসেছিলেন। তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ৮ মে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে অন্যের হয়ে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে তিন যুবক আটক হন। পরে তাদের কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করে কর্তৃপক্ষ। আটকরা হলেন- মো. জয়নাল আবেদীন চৌধুরী, মো. জাবেদ এবং রনি দাশ।