চট্টগ্রাম ডিসি পার্ক থেকে পতেঙ্গা সি-বিচ পর্যন্ত পুরো এলাকাটিকে বিশ্বমানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক।
সোমবার (২০ মে) পতেঙ্গা সি-বিচ এলাকায় চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে পতেঙ্গা সি-বিচের দোকানদারসহ সব ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘পর্যটকদের সুবিধাসংবলিত অবকাঠামো নির্মাণ, সৈকতের দোকানগুলো সুশৃঙ্খল ও পুনর্বাসন করা, শৌচাগার, চেঞ্জিং রুম ও ক্যাফেটেরিয়া নির্মাণের ব্যবস্থা, ফটোগ্রাফারসহ বিভিন্ন সেবা প্রদানকারীদের সংখ্যা নির্দিষ্টকরণ, সাময়িক পরিচয়পত্র প্রদান, সেবার মূল্য নির্ধারণ, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের অফিস নির্মাণ ও বিচসংশ্লিষ্ট এলাকা সিসি ক্যামেরার আওতায় আনয়ন করা হবে।’
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, পতেঙ্গা সি-বিচকে দৃষ্টিনন্দন করতে বিচ ম্যানেজমেন্ট কমিটি মহাপরিকল্পনা নিয়েছে। পর্যটকদের সমুদ্রের সৌন্দর্য আকৃষ্ট করতে বিচের দোকানগুলোকে সি-সাইড থেকে সরিয়ে কান্ট্রি সাইডে বিচ ম্যানেজমেন্ট কমিটি দেওয়া নির্দিষ্ট মাপ অনুযায়ী স্থানান্তর করাসহ পতেঙ্গাকে পর্যটকবান্ধব জোন হিসেবে গড়ে তোলা হবে।
সভায় চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি সদস্য চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এসএএফ) মনীষ দাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী) আসিফ মাহমুদ গালিব, হোটেল-মোটেল সৈকতের ব্যবস্থাপক মোহাম্মদ সরওয়ার উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল/ইসরাত চৈতী/অমিয়/