কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন, বালুখালী ক্যাম্প ১১-এর এফ/১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (২১) ও ক্যাম্প ৮ ইস্টের ৪১/ব্লকের মোহাম্মদ আলমের ছেলে সিফাত (১৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন খবরের কাগজকে বলেন, ‘গেল কয়েক দিন থেকে চলমান ভারী বর্ষণের ফলে ক্যাম্প ১১-এর এফ/১ শেল্টারের ওপর পাহাড়ধসে পড়ে। এতে চাপা পড়ে মারা যান আনোয়ার। একই সময় অপর একটি শেল্টারের ওপরও পাহাড়ধসে পড়ে মারা যায় সিফাত।’
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ছাড়াও, রোহিঙ্গা ক্যাম্প ১ ইস্ট-ওয়েস্ট ৩, ৪, ৬, ৭, ১১, ১২ ও ২০ এক্স-এর বিভিন্ন ব্লকে ভারী বৃষ্টির পানিতে প্রায় শতাধিক শেল্টার ক্ষতিগ্রস্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের লার্নিং সেন্টার ও এনজিও সংস্থার অফিসসহ সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
মুহিববুল্লাহ মুহিব/ইসরাত চৈতী/অমিয়/