পঞ্চগড়ের তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের মণ্ডলপাড়ায় একটি ছোট নালার ওপর সড়কের সংযোগ ছাড়াই নির্মাণ করা হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি সেতু। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর সরেজমিনে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৮ মে) দুপুরে ঘটনাস্থলে যান দুদকের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজমির শরীফ মারজী।
তিনি নির্মাণাধীন সেতুর স্থানে গিয়ে ব্যবহৃত নির্মাণসামগ্রী- পাথর, বালি, সিমেন্ট ও রডের নমুনা সংগ্রহ করেন। এ ছাড়া সেতুর নকশা, দৈর্ঘ্য, প্রস্থ ও নির্মাণের মান যাচাই করতে প্রাথমিক তদন্ত করেন। পরে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) সহকারী প্রকৌশলী আল আমিন। স্থানীয় সূত্র জানায়, তেঁতুলিয়ার মণ্ডলপাড়া কবরস্থানসংলগ্ন হাকিমপুর-দগরবাড়ী খালের ওপর ২০২৩-২৪ অর্থবছরের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ’ প্রকল্পে সেতুটি নির্মিত হচ্ছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা।
স্থানীয়দের অভিযোগ, যেখানে কোনো সংযোগ সড়ক নেই, সেখানে সেতু নির্মাণ অপ্রয়োজনীয় ও সরকারের অর্থের অপচয়। দুদকের উপপরিচালক আজমির শরীফ মারজী বলেন, গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন ও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। প্রয়োজনীয় নমুনা ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে।