লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও দোকানের কম্পিউটার জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস নামের একটি কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা ওই দোকানের মালিক এবং সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মারইয়াম প্রেস নামের কম্পিউটার দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সিলগুলোসহ একটি মোবাইল ফোন ও দোকানের কম্পিউটার জব্দ করে সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ‘কোনোভাবেই বিনা অনুমতিতে ভোটের এ সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনি ৬টি সিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত আছেন, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
রফিকুল/এসজি/