চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুরে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা পুলিশ। এদিন সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
গ্রেপ্তার সুমন উপজেলার গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ির মৃত বাবুল মিয়ার ছেলে এবং মহসিন একই বাড়ির আব্দুল হালিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত এপ্রিলের ১৭ তারিখ সন্ধ্যায় গৃহবধূ (৩০) তার দশ বছর বয়সী ছেলেকে থেকে খুঁজতে বের হন। ছেলেকে খোঁজার জন্য তিনি ওই গ্রামের মুন্সিবাড়িতে গেলে অভিযুক্তরা তার ছেলেকে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে থাকতে দেখেছে বলে সেখানে নিয়ে যায়। পরে ওই গৃহবধূকে সেখানেই দুই যুবক ধর্ষণ করে।
ধর্ষণের শিকার হয়ে সম্মানহানির ভয়ে বিষয়টি প্রথমে ওই গৃহবধূ গোপন রাখার চেষ্টা করেন। কিন্তু কয়েকদিন পর ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধূ পরিবারের লোকদের পরামর্শে ৩০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার রহিমানগর এলাকা দুই যুবককে গ্রেপ্তার করেন।
গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, তার নিখোঁজ হওয়া ছেলেকে পরবর্তীতে মাদ্রাসা এলাকা থেকে খুঁজে পাওয়া যায়।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, ‘ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করেন।’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে তাদেরকে শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত তাদেরকে জেলহাজতে পাঠান।
সুমন/