ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের সমন্বয়ক হলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক কাজের সুবিধার জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সাত কলেজের তৃতীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে দ্বিতীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। গত বছরের ডিসেম্বর মাসে তিনি অবসরে যান। এতে করে সাত কলেজের সমন্বয়েকের দায়িত্বটি শূন্য হয়। আর প্রথম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিমুল্লাহ খোন্দকার।
উল্লেখ্য, ঢাকা কলেজের ৭৬তম অধ্যক্ষ হিসেবে ২০২২ সালে নিয়োগ পান অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। এর আগে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা।