শেষ মুহূর্তে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার পরীক্ষার্থীরা কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়ে পড়লে এ প্লাস পাবে?
পরীক্ষার সময় তো ঘনিয়ে এসেছে। তোমাদের হাতে আর বেশি সময় নেই। একটা বিষয় রিভিশন দিতে দুদিনও সময় পাবে না। সেক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা এখন পর্যন্ত যা প্রস্তুতি গ্রহণ করেছো সেসব প্রশ্ন বারবার রিভিশন দেবে। বইয়ের প্রতিটা অধ্যায় এক পলক দেখে নেবে। তোমরা যদি পাঠ্যবইয়ের সবগুলো অধ্যয় পড়া শেষ করো, তাহলে স্বাচ্ছন্দ্যে উত্তর লিখতে পারবে। পাশাপাশি টেস্টপেপারে থাকা বিগত বছরের বোর্ড ও সেরা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো নিয়মিত সমাধান করে ফেললে তোমাদের প্রস্তুতি অনেকাংশে হয়ে যাবে।
পরীক্ষার খাতায় কীভাবে উত্তর করলে পরীক্ষার্থীরা বেশি নম্বর পাবে?
ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র বাদে বাকি বিষয়গুলো সৃজনশীল পদ্ধতিতে লিখতে হয়। তাই পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় যাতে মূল বিষয়টা লিখতে পারো সেদিকে নজর রাখবে। তোমরা যদি গতানুগতিক ধাঁচে উত্তর লিখো তাহলে শিক্ষক উত্তরপত্রে নম্বর দিতে গিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে পারেন। প্রশ্নের উত্তরে দু-চার লাইনে মূল বিষয়টা চলে আসলে পরীক্ষকের পক্ষে নম্বর দেওয়া সহজ হয়। পাশাপাশি অনেকে খাতায় নীল কালি দিয়ে কারুকার্য করে। এটা করা যাবে না। প্রশ্নের উত্তরে আন্ডারলাইন করার প্রয়োজন হলে সেটাও কালো বলপেন দিয়ে করবে। তবে বড়জোর কালো সাইনপেন ব্যবহার করতে পারো।
গণিত, বাংলা ও ইংরেজি বিষয়ে ভালো নম্বর পেতে পরীক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবে?
সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর লিখতে হয়। সুতরাং একজন পরীক্ষার্থীকে প্রস্তুতি নেওয়ার সময় জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে ধাপগুলো আছে সেগুলো অনুসরণ করেই প্রস্তুতি নিতে হবে এবং প্রশ্নের উত্তর লিখতে হবে। আগে তো মুখস্থ করে উত্তর লেখা যেত। এখন সে সুযোগ নেই। কাজেই ছাত্রছাত্রীদের নিজেদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ প্রশ্নানুসারে সুস্পষ্ট করে উত্তর লিখতে হবে।
এ মুহূর্তে অভিভাবকদের উদ্দেশে আপনার পরামর্শ কী?
অভিভাবকরা এ মুহূর্তে তাদের সন্তানকে নজরদারিতে রাখবেন। বিশেষ করে পরীক্ষার্থীরা তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে মিশে সময় নষ্ট না করে সেটা তাদের বুঝাবেন। পাশাপাশি পরীক্ষার্থীরা যেন ঠিকভাবে শেষ মুহূর্তটুকু সময়টা কাজে লাগায় সেটাও অভিভাবকদের তদারকি করতে হবে।
ভালো ফলাফলের জন্য এ মুহূর্তে পরীক্ষার্থীদের কৌশল কেমন হওয়া উচিত?
পুরো পাঠ্যবই দ্রুত শেষ করতে হবে। টেস্টপেপার সংগ্রহ করে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশ্নপত্রের সমাধান করতে হবে। প্রশ্নের উত্তর দীর্ঘ না করে সুস্পষ্ট উত্তর লেখার অভ্যাস করতে হবে। প্রতিটা বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়বে ও অনুশীলন করবে। তাহলে ভালো ফলাফল করা সম্ভব হবে।
লেখক: প্রধান শিক্ষক
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
জাহ্নবী