পাকিস্তানের কাশ্মীরে সহিংস বিক্ষোভে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ওই বিক্ষোভ নিয়ে গতকাল বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নাগরিকদের শান্ত থাকার ও আইনশৃঙ্খলা সংস্থাগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
ওই অঞ্চলে সংরক্ষিত শরণার্থী আসন ও অভিজাতদের সুবিধা বিষয়ে আলোচনায় বসেছিল জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি), আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) সরকার ও কেন্দ্রীয় মন্ত্রীরা। কিন্তু সে আলোচনা ব্যর্থ হয়। পরে এ থেকে শুরু হয় বিক্ষোভ ও সহিংসতা। গত বুধবার নতুন করে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ও কেন্দ্রীয় মন্ত্রী তারিক ফজল চৌধুরী।
পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে বৈঠক করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। তবে প্রতিবাদকারীদের জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকা উচিত।’ সূত্র: ডন