বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত শুক্রবার তিনি এই চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।
জিও টিভির খবরে বলা হয়েছে, ‘চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বন্যায় বাংলাদেশের যারা স্বজন, বাড়িঘর ও কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে। আমরা আশা করছি, আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’
শাহবাজ শরিফ এর আগে গত ১৯ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে আরেকটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা বন্যাকবলিত। এসব জেলায় মোট ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ।