পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৫ আগস্ট) এক অভিনন্দন বার্তায় পাকিস্তান সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’
ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল জয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূস।’
গতকাল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতল বাংলাদেশ। এ ছাড়া টেস্ট ফরম্যাটে টাইগাররা প্রথমবারের মতো পাকিস্তানকে হারাল।
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ বারের মোকাবিলায় ১২টি টেস্টে পরাজিত ও একটি ম্যাচ ড্র করেছিল টাইগাররা। এ পর্যন্ত নিজেদের ১৪৩ টেস্ট ইতিহাসে ২০তম জয়ের দেখা পেল বাংলাদেশ।