জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের উদাহরণ এ বৈঠক।
নিউইয়র্কে ওই বৈঠক হবে বলে বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘শুধু দুজনের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত তিন দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি। ফলে ড. ইউসূসের সঙ্গে বৈঠকের মাধ্যমে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’ খবর ইউএনবির।
প্রেসিডেন্ট বাইডেনের নিউইয়র্ক সফর নিয়ে তার প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, ‘২৪ সেপ্টেম্বর (আজ) সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলা, বৈশ্বিক সমৃদ্ধি এগিয়ে নেওয়া এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতা নিয়ে আলোচনা করতে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন।’
জানা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন ড. ইউনূস। এবারের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ প্রতিনিধিদলের একাংশ আগেই রওনা হয়ে গেছেন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মুহিত এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সিডিএ সালাহউদ্দিন মাহমুদ স্থানীয় সময় বেলা আড়াইটায় বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানাবেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।
সম্প্রতি ঢাকায় মার্কিন প্রতিনিধিদলের কাছে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো বর্ণনা করেছেন ইউনূস। তিনি বলেন, তার প্রশাসন অর্থনৈতিক ‘পুনরুদ্ধার, সংস্কার ও পুনরায় চালু’ করতে, আর্থিক খাত, বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব বলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশের জনগণের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়নে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে।
দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, যেহেতু বাংলাদেশ আরও ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের রূপরেখা খুঁজছে, তাই যুক্তরাষ্ট্র এই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন ইউনূস।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকারপ্রধান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং ইউএসএইড প্রশাসকসহ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই সময়ে সভার অনেক সিদ্ধান্ত শেষ মুহূর্তে নেওয়া হয়। সেই বিবেচনায় নতুন সভা যুক্ত হতে পারে; আবার সময়ের অভাবে কোনো সভা বাদ পড়তে পারে। ইতালির প্রেসিডেন্ট ও কুয়েতের যুবরাজের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানান তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।
সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, পররাষ্ট্রসচিব রিয়াজ হামিদুল্লাহ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন। প্রধান উপদেষ্টা ‘মিট দ্য ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও যোগ দেবেন।
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুহাম্মদ ইউনূসের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সফরে সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।