প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯টায় প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে কথা হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন।
সেখানে তিনি লেখেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের ফোনালাপ হয়েছে। আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে।’
অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অবস্থান করছেন। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আলোচনায় রয়েছেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। গত বছর মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের পক্ষে ব্যাপকভাবে প্রচারে নেমেছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের একাধিক সমাবেশে ইলন মাস্ককে উচ্ছ্বসিতভাবে দেখা গেছে। এরপর ট্রাম্পের বিজয়ের পর পেয়েছেন বিশেষ দায়িত্ব। সূত্র: বাসস