প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ‘রাজনীতিতে একটা স্বস্তিকর পরিস্থিতি এসেছে’ বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ঈদের ছুটির পর অফিস খোলার প্রথম কর্মদিবসে রবিবার (১৫ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কারও কোনো মতামত থাকলে, সেটাও প্রধান উপদেষ্টাকে জানাতে পারেন।’
উপদেষ্টা বলেন, ‘আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে।’
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি কোনো কথা বলে, সেটা ওনারা প্রধান উপদেষ্টার কাছে নিশ্চয়ই বলবেন। সে পথ খোলা রয়েছে। সবার বক্তব্যই তিনি শুনবেন।’
যেকোনো সমস্যা সংলাপের মধ্য দিয়ে সমাধান হয় বলেও এ সময় উল্লেখ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আমরা সন্তুষ্ট।’
বিএনপির সঙ্গে সরকারের সাম্প্রতিক টানাপোড়েনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমন- আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন; প্রতিটি ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা যে হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।’