জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার' (The Royal Islamic Strategic Studies Centre) সম্প্রতি ২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। 'দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬' শিরোনামের এই তালিকায় এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন। এ তালিকায় তাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এবারের তালিকার শীর্ষস্থানে (১ম) রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। এরপরেই দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি, এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশের বাকি ব্যক্তিত্বরা হলেন:
৪র্থ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি।
৫ম: জর্ডানের বাদশাহ এইচএম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন।
৬ষ্ঠ: আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব।
৭ম: তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান।
৮ম: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ।
৯ম: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।
১০ম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বর্তমানে ইসলাম বিশ্বের প্রভাবশালী ধর্মগুলোর অন্যতম, যার অনুসারী মুসলিমদের সংখ্যা প্রায় ২০০ কোটিরও বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। ধর্ম, জাতি ও গোষ্ঠীগত পার্থক্য থাকলেও মুসলিমরা সবাই এক বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অংশ। বিশ্বের মোট ৫৬টি মুসলিমপ্রধান দেশ রয়েছে।
'দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার' ২০০৯ সাল থেকে প্রতি বছর রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বজুড়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের এই তালিকা প্রকাশ করে আসছে।
মেহেদী/