আজ ৯ ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। যথাযথভাবে দিবসটি পালনে প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আন্তর্জাতিকভাবে এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’।
দিবসটি পালনে দুদকের প্রধান কার্যালয়ের উদ্যোগে ঢাকায় শিল্পকলার জাতীয় নাট্যশালায় সকাল ১০টায় আলোচনা সভা হবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
এর আগে সকাল ৮টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সারা দেশে দুদকের বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণীসংবলিত ব্যানার স্থাপন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধির জন্য ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন পাস হওয়ার পর থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সার্বভৌম সদস্যরাষ্ট্র এই দিনটি যথাযথভাবে পালন করে থাকে।
জাতিসংঘ সনদের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ সংবিধি অনুযায়ী জাতিসংঘের সদস্যপদ লাভের মানদণ্ডে উল্লেখ করা হয়েছে, যেসব রাষ্ট্র জাতিসংঘের বিদ্যমান সনদে অন্তর্ভুক্ত দায়িত্ব ও কর্তব্য মেনে নিয়ে তা পালনে আগ্রহী ও সক্ষম– সেসব শান্তিপ্রিয় রাষ্ট্রের জন্য সদস্যপদ উন্মুক্ত। নিরাপত্তা পরিষদের সুপারিশের প্রেক্ষিতে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘে সেই সব রাষ্ট্রের সদস্যপদ কার্যকর হবে।