শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের উৎখাতের মধ্যে দিয়ে অভ্যুত্থানের সফলতা অর্জন করেছে। কিন্ত আজকে দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্নভাবে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।
রবিরাব (৯ ফেব্রুয়ারি) বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এদিন বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইটে বিকাল ৪টা ৫৮ মিনিটে দেশে ফেরেন। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। তিনি দেশে ফেরেন।
মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থানের অর্জিত সফলতাকে সফল করতে হলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হলে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হবে। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে আমাদের সামনে দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।
ডেভিল হান্ট ও সারাদেশে যৌথবাহিনীর অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ডেভিল বলতে আমরা একটা ফ্যাসিস্টকে জানি। এতোদিন পর যৌথবাহিনীর অভিযানে পরিচালনায় করায় একটা বোধদয় হয়েছে। এজন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।
খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র চিকিৎসার কোনো অগ্রগতি আছে কিনা এমন প্রশ্নের উত্তরের মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন। তার চিকিৎসা চলছে।
যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এবারের সফর সফল হয়েছে। আর যে উদ্দেশে গিয়েছিলাম তাও সফল হয়েছে।
প্রসঙ্গ, গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা রহমান।
শফিকুল ইসলাম/এমএ/