যুবদল পরিচয়ে কেউ দখলবাণিজ্য করলে সঙ্গে সঙ্গে তাকে আটকের আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।
সোমবার (১৭ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের শীর্ষ দুই নেতা এ আহ্বান জানান।
তারা বলেন, ‘বিভিন্ন সময় দেখা যাচ্ছে দুষ্কৃতিকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে জাতীয়তাবাদী যুবদলের ইমেজ ক্ষুণ্ন করছে।’
দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের এবং অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন দুই নেতা।
মুন্না ও নুরুল বলেন, ‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে এক শ্রেণির দুষ্কৃতিকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপশি ফুটপাত কেন্দ্রীক ব্যবসার নিয়ন্ত্রণে নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্য কেন্দ্রীক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে।’
জনদুর্ভোগসৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো নূন্যতম সংশ্লিষ্টতা দেখা মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কারসহ তার বিরুদ্ধে দলীয় ও আইনী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ো হচ্ছে। তারপরও যুবদলের পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্যের কোনো ঘটনা দেখা মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক আটক করে যুবদল কেন্দ্রীয় দপ্তরে (নুরুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক, ০১৮১৯২৯৫১০৬ এবং মিনহাজুল ইসলাম ভূইয়া, সহ দপ্তর সম্পাদক, ০১৭১২০৬১১৯৮) জানানোর জন্য সচেতন জনসাধারণ ও ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তারা।
শফিকুল/পপি/