বিএনপি শিক্ষার সার্বিক উন্নয়নে আজীবন কাজ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে খুলনার পাইকগাছা উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কী হবে, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে ৩১ দফাতে। সমাজের অসঙ্গতি ও ভুল ফতোয়ার বিরুদ্ধে আলেমদের এগিয়ে আসতে হবে। ইসলামী শিক্ষায় আমি সবসময় আলেমদের সঙ্গে কাজ করেছি এবং আগামীতেও অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নতি হলে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’
আনোয়ার আলদীন বলেন, ‘এই মাদ্রাসাটি যুগ যুগ এই অঞ্চলের মানুষের মাঝে দ্বীনের শিক্ষার আলো প্রজ্বলিত করে চলেছে। সমাজে মানুষকে ধর্মভীরু আদর্শ নীতিবান তাকওয়াবান করে গড়ে তোলার ক্ষেত্রে মাদ্রাসা বড় ভূমিকা পালন করে। বিগত ১৫ বছরে মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত্ব করে আওয়ামী লীগ শিক্ষক-শিক্ষার্থীদের বিপথগামী করেছিল। কোনো কোনো মাদ্রাসাকে তারা লুটপাট অপকর্মের আখড়ায় পরিণত করেছিল। এই মাদ্রাসাটি ছিল তার মধ্যে একটি। গণঅভ্যুত্থানের পর আওয়ামী এই প্রতিষ্ঠানের প্রধানও পালিয়ে গেছেন। এক্ষণ সময় এসেছে মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য আদর্শ প্রকৃতির দিকে ফিরে যাওয়ার। ইসলামের তাহজিব-তমুদ্দুন,মৌলিকত্ব অটুট রেখে যুগের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলার।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। তিনি বলেন, ‘শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড।’
বিশেষ অতিথির বক্তব্য পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার প্রসারের জন্য আমারা আপনাদের সঙ্গে সব সময় কাজ করব।’
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী পারভেজ মোহাম্মদ, জামায়াত নেতা আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অভিভাবক সদস্য তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মণ্ডল ও সাবেক সিনিয়র সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসাইন প্রমুখ
সুমন/