ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী পাহাড়ধসের শঙ্কা: রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরতে মাইকিং নাটোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক কারাগারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রাউন প্লাজায় শুরু হচ্ছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সকলের দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার পাকুন্দিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী বাংলাদেশি সিনেমায় যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ স্বরাষ্ট্রমন্ত্রীর মাদকবিরোধী ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের সমালোচনা ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উল্লাস, মন ভেঙেছে সাফার ফরিদপুরে পৌর রাজস্ব সংগ্রহে পৌরসভার সঙ্গে ইউসিবির চুক্তি শেষ বিশ্বকাপের ঘোষণা রোনালদোর! দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছেড়েছেন হাজারো মানুষ সৃষ্টিকর্মে চিরকাল বেঁচে থাকবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জন-আকাঙ্ক্ষার বাইরে ক্ষমতায় থাকা যায় না উখিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি ৫০ হাজার মানুষ প্রথম দৃষ্টিতেই ফুটে উঠুক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিতে ফিফাকে তীব্র সমালোচনায় সেপ ব্লাটার এনআইডি-সংক্রান্ত জরুরি সেবা সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইসি এক মাসে ১০০ ধর্ষণ, শিশুর জন্য অনিরাপদ রাষ্ট্র! সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের ডেঙ্গু শনাক্ত সামাজিক অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের নীরবতা সোনারগাঁয় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ উয়েফা টপ টেনে নেই ৬ ফুট ৫ ইঞ্চির হালান্ড মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার গৌরীপুরে ১০ দিনে ৩ খুন: জনমনে আতঙ্ক অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি চলছে: ইসি মাছউদ

প্রথম প্রলয়

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১০:৫২ এএম
প্রথম প্রলয়
অলংকরণ: নিয়াজ চৌধুরী তুলি

এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আগে কখনোই ঘটেনি শাহতাবের মন ও শরীরে! এ যেন আগুনকে ভালোবেসে তারই শিকার হওয়ার যুদ্ধ; অথচ, কী আশ্চর্য, এর মাঝেও সুখপাখি উড়ে বেড়ায়! সবেমাত্র কলেজে যেতে শুরু করেছে শাহতাব, গোফে ও মুখে নবীন চুল দেখা দিয়েছে। তার মধ্যে মনের উথালপাতাল তাকে প্রতি মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে। 

চৈত্রের শেষ সন্ধ্যা- উৎকট ভ্যাপসা গরম পড়েছে। বাতাস বন্ধ হওয়ায় আবহাওয়াটাও গুমোট। ঘর থেকে বাইরে বেরোতেই শাহতাব দেখে, মা দাঁড়িয়ে আছেন। বললেন, ‘আয়, আমাদের সঙ্গে আয়, সবাই আঙিনায় গিয়ে বসি, যা গরম পড়েছে!’

‘না, তোমরা বস, আমি রাস্তায় একা একা হাঁটব।’
‘বলিস কী, এই অন্ধকারে-!’ মা উৎকণ্ঠা নিয়ে বললেন। 

কিন্তু শাহতাব দাঁড়ায় না। ঘর থেকে বেরিয়ে প্রথমে সে বাড়ির সামনের পুকুরপাড়ে যায়। গরম বলে অনেকেই ঘাটে জড়ো হয়েছে। পুরোনো শানবাঁধানো ঘাট। দু-তিন জায়গায় ফাটল ধরেছে। ফাঁটলগুলোয় কিছু লতাগুল্ম জন্ম নিয়েছে। ফাঁটলের ভেতরে পোকামাকড় থাকাও অস্বাভাবিক কিছু নয়। এ রকম পুরোনো পুকুরঘাটে বিষাক্ত সাপ-বিচ্চুরা ঘাপটি মেরে থাকে। তবু গরমের দিনে সন্ধ্যা হলেই লোকজন ঘাটটায় এসে বসে। অর্ধাঙ্গ উদোম করে গামছা দুলিয়ে বাতাস খায়। গল্পগুজব করে।

কিন্তু শাহতাবের বসতে ইচ্ছে হলো না। পুকুরের পাড় ধরে লম্বালম্বি হাঁটতে হাঁটতে সে গাঁয়ের উত্তর মাথায় চলে যায়। 

মাগরেবের নামাজ পড়ে অনেকেই তখন মসজিদ থেকে ফিরতে শুরু করেছে। গরমে অতিষ্ঠ মুসল্লিদের পাঞ্জাবি-গেঞ্জি ভিজে গেছে। বছর কয়েক আগে একটি হাফেজি মাদ্রাসা খোলা হয়েছে গ্রামে। নবীন তালবে এলেমরা মসজিদ থেকে বেরিয়ে দ্রুত রাস্তায় নেমেছে। টুপি ও পাঞ্জাবি খুলে বেশির ভাগই উদোম হয়েছে। কেউ কেউ লাফিয়ে সামনের ডোবাটায় ডুব দিচ্ছে। ইমাম সাহেব কিংবা হুজুর ধারেকাছে নেই বলে পিচ্চি নামাজিদের আনন্দের সীমা নেই। 

‘শাহতাব মিয়া নাকি, যাও কই?’ কে একজন বয়স্ক মুরুব্বি তাকে চিনতে পারে। গ্রামের প্রতিটি মানুষ তার পরিচিতি, তবু ডাকটা শুনে শাহতাব চমকে ওঠে, বলে- 
‘না, এমনি- গরম তো তাই হাঁটি।’

লোকটি গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বিড়বিড় করে বলতে থাকে, ‘যা গরম রে বাবা; যাও, হাঁটো, দেখো সাপ-বিচ্চুর ওপর পাও দিও না আবার।’ 

লোকটা চলে গেলে শাহতাবের শরীর থেকে আগের চাইতেও বেশি ঘাম ঝরতে থাকে। খোলা পায়ে যখন দূর্বা ঘাসের ছোঁয়া লাগে, তখন অদ্ভুত এক অনুভূতির জন্ম হয়- শরীর কেঁপে ওঠে। বাতাসেরা শরীর ছুঁয়ে দিতেই কেন যেন লজ্জা ও ভয় মেশানো অনুভূতি আসে। 

সাপ বা বিষাক্ত সরীসৃপের ভয় যতই থাক কিন্তু তা থমকে দিতে পারল না শাহতাবকে। জীবননাশের ভয় মানুষের কাছে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়, কিন্তু সে মানুষ যখন আবিষ্কারের নেশায় মত্ত হয়, তখন সব ভয় উবে যায়। শাহতাব কি আজ কিছু আবিষ্কার করতে পথে নেমেছে? নাকি অন্য কিছু? 

খানিকটা হেঁটে উত্তরপাড়ার নির্দিষ্ট বাড়িটার দিকে তাকিয়ে থাকে শাহতাব। ওই বাড়িটায় তার জীবনের এক অসীম গোপনীয়তা লুকিয়ে আছে- যাকে আবিষ্কার করতে চায় সে। আর তা করতে ব্যর্থ হলে শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যেতে পারে, চলন্ত গাড়ির ধাক্কা খেয়ে স্মৃতিভ্রম হতে পারে- এ রকমই একটি অনুভূতি জন্ম নেয় ওর মধ্যে। 

দেখতে দেখতে অন্ধকার হয়ে আসে। জঙ্গলের কীটপতঙ্গরা চারদিকে ডেকে যাচ্ছে। দূর থেকে বাড়িটার ভিতরে হারিকেনের আলো দেখা যায়। সূর্যমুখী ফুলের মতো মাথা উঁচু করে টিনের ফুঁটো দিয়ে আলো বেরিয়ে আসছে অন্ধকার ভেদ করা আলো। গরম ঠেকাতে বাড়ির আঙিনায় গোল হয়ে বসেছে একদল নারী। কম বয়স্কদের হাত থেকে রেশমি চুড়ির আওয়াজ কানে আসে। তালপাতার পাখা চালানোর শব্দ পাওয়া যায় মাঝেমধ্যে। আঙিনাটা খুব কাছে নয়। কিন্তু এর পরও শাহতাবের শরীরটা কেঁপে ওঠে। বুকটা ধরফর করতে থাকে। কখনো ভয় আবার কখনো সেই ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়ার প্রবল জেদ আঁকড়ে ধরে। 

আর কয়েক মাসের মধ্যে সে উনিশে পড়বে। এমন বর্ণনারহিত কষ্ট, সুখ কিংবা উত্তেজনার অনুভূতি আজই তার জীবনে প্রথম। সে বুঝতে পারে না, সে অনুভূতি সুখ না কষ্টের। রক্তের মধ্যে তোলপাড় করে দিচ্ছে একটি ঝড়, যার সঙ্গে মিশে আছে লজ্জা, যা কাউকে সে বলতে পারে না, এমনকি নিজেকে পর্যন্ত নয়! 

বিকেল থেকেই কিছু একটা ঘটে চলেছে শাহতাবের মন ও শরীরে। কাউকে কিছু বলতে পারে না- সইতে পারে না। বিকেলে যে মেয়েটিকে দেখেছিল, কিছুক্ষণের জন্য, তাকে সে আরেকবার দেখতে চায়। কিন্তু সম্ভব হয় না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ফিরে আসে বাড়িতে। রাতে তার খেতে ইচ্ছে করে না। গরমে রুচি নেই ভেবে মা খুব একটা জেদও করেন না। শাহতাব এক সময় বিছানায় যায়। ভয় পেত বলে ঘুমোতে যাওয়ার আগে আলো জ্বালিয়ে শুতো। কিন্তু আজ তার মনে হয় অন্ধকার ভালো। শাহতাব ঘুমাতে চেষ্টা করে কিন্তু পারে না। শুধু একটি মুখ ভেসে ওঠে মনের পর্দায়, উত্তরপাড়ার সেই মেয়েটিকে একবার দেখতে ইচ্ছে করে। ওর সামনাসামনি হতে ইচ্ছে করে। ওর কী নাম তা সে ভালো করে জানে না। জেরিন, হবে হয়তো। স্কুলের ফাইনাল দিয়ে বোনের বাড়িতে বেড়াতে এসেছে। বিকেলেই পরিচয়। একদল মেয়ের মধ্যে ভীষণ আলাদা মনে হয়েছিল ওকে। পাহাড়চূড়ার ভাঁজের মতো ঢেউ খেলানো চুল। সমুদ্রের ঢেউয়ের মতো সর্বাঙ্গ আলিঙ্গন করা গভীর চোখ। ওই চোখের দিকে একবার তাকাতেই সবকিছু ওলটপালট হয়ে যায় শাহতাবের। 

জেরিনের পাগুলো, দৌড়ঝাঁপ করার সময় যতটা দেখেছে, তরতর বেড়ে ওঠা পুকুরপাড়ের অনূরা কলাগাছের মতো। যৌবনের আলাদা রং থাকে- তা সে মানুষ হোক কিংবা অন্য প্রাণী- যা কেবলই বিপরীত লিঙ্গের চোখে আবিষ্কারের বিষয়- অন্য কারও নয়। জেরিন যখন হাঁটে, মনে হয়, সে নাচছে এবং শাহতাবের দিকে তাকিয়ে, হাত বাড়িয়ে বলছে, হাত ধর আমার, দূরে কেন, কাছে এসো, চল দুজনে মিলে নাচি!
ওর ঠোঁটে কি লিপস্টিক ছিল? না। লিপস্টিক লাগালে সবাইকে এক রকম মনে হয়। কিন্তু জেরিন আলাদা। টুনু আপার চেয়ে আলাদা, ভাবীর চেয়ে আলাদা, মার চেয়ে আলাদা, বোনের চেয়ে আলাদা; নদী, ঝরনা ও পাহাড়ের চেয়ে আলাদা! 

বিছানায় একা একা শুয়ে ঘুমহীন শাহতাবের ভেতরটা বারবার কেঁপে ওঠে। এ কীসের ভয়? গরম বলে ঘরের বেশির ভাগ লোক বেশ রাত করে শুয়েছে। কেউ কেউ ঘুমিয়েও গেছে। নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে কিছু কিছু বাড়ি থেকে। তবুও এক নিস্তব্ধতা গ্রাস করছে চারদিক। শাহতাব ভাবতে থাকে, জেরিন কি ওরই মতো বিছানায় শুয়ে আছে? একা একা? নাকি জেগে আছে? 

অদ্ভুত চোখে তাকিয়েছিল জেরিন! হাসতে হাসতে বলেছিল- ‘আপনি খুব জোরে হাঁটেন, জোরে কথা বলেন, জোরে সাইকেল চালান। কেন, বলেন তো?’
‘আমি গতি পছন্দ করি। আস্তে চলতে, আস্তে কথা বলতে আমার ভালো লাগে না। আস্তে, ধীরে এসব আমার অভিধানে নেই।’ 
‘তাই নাকি?’ 
‘হ্যাঁ তাই। কিন্তু তুমিও তো হরিণের মতো, ছুটে চল, চোখগুলো দূরবীনের মতো। এত দ্রুত তাকাও কী করে?’ 
জেরিন হঠাৎ ফেঁকাসে হয়ে ওঠে- কিন্তু হেসে দেয়। হাসলে ওর বাম গালের মাঝামাঝি জায়গাটার টোল পড়ে। ঠিক যেন নদীর স্রোতের পাকে নিম্নমুখী পানি, শিল্পীর ব্রাশে আঁকা সমুদ্রের অতলান্তে হারিয়ে যাওয়ার সিঁড়ি। শাহতাব ওই সিঁড়ির দিকে তাকায়, কয়েকবার, কিন্তু বেশিক্ষণ তাকানো যায় না। মেয়েটি আরও কিছু বলতে চেষ্টা করে- অস্পষ্ট। বোঝা যায় ওর বুকটা ওঠানামা করছে। চোখদুটি এদিক-ওদিক ঘুরছে। ভ্রুগুলো বানরের মতো চঞ্চল। পনেরো বছরের মেয়েটি উনিশ বছরের একটি ছেলের সামনে দাঁড়িয়ে এই প্রথম যৌবনের জয়গান করছে। ওর ঠোঁট শুকিয়ে যাচ্ছে। 

এক সময় কথা বলা বন্ধ হয়ে যায় দুজনের। শাহতাব ও জেরিন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে নতুন ফল ধরা কাঁঠাল গাছটির তলে। বিকেল গড়িয়েছে কিন্তু সন্ধ্যা হয়নি তখনো। একটু আগেই বাতাস বন্ধ হয়েছে। চৈত্রের শেষ দিন। আগামীকাল বৈশাখ- নতুন বছর আসবে। মেলা বসবে, এলাকার দোকানগুলোয় হালখাতা হবে। কিন্তু এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না- যদি কেউ দেখে ফেলে! ভয়ে ফ্যাকাশে হয়ে ওঠে ওরা। এর পরও কেউ সরতে পারে না- ইচ্ছের কাছে দাঁড়াতে পারে না। ইস আরও একটু বেশি যদি থাকা যেত! 

‘আমি কালই চলে যাব। আমাদের বাড়িতে আসবেন?’
‘আমি তো তোমাদের বাড়ি চিনি না।’
‘আমাদের বাড়ি, ব্রহ্মপুত্রটা পার হয়েই যে চর, সবাই চেনে, ওখানে। যাওয়ার ইচ্ছে থাকলেই পারবেন।’
বিছানায় শুয়ে শাহতাবের আরও অনেক কিছু মনে পড়ছে। ঘুম আসছে না। এক সময় মা ঘরে ঢুকে মশারি তুলে মাথায় হাত রাখলেন। বললেন, ‘কী রে- তুই এখনো ঘুমাসনি, আলো নিভিয়েছিস কেন?’

শাহতাব কোনো উত্তর দেয় না। মা চলে যেতেই জেরিনের মুখটা আবার ঘরের দেয়াল, মশারির জাল ভেদ করে ঠিক ওর মুখের ওপর চলে আসে। অদ্ভুত এক যন্ত্রণা- নিষিদ্ধ কষ্টের সুখ। জীবনের সবগুলো স্মৃতি আজ ধসে যাচ্ছে এক অচেনা মেয়ের সঙ্গে দুদণ্ড কথা বলে। শরীরের রক্তগুলো তোলপাড় করে উঠছে, গা কাঁটা দিচ্ছে। কখনো ভয় করছে, কখনো বুকের ভেতরটা সাহসের ডিঙিতে যেদিকে ইচ্ছে হয় ছুটছে। কেন এমন হয় ? কই আগে তো কখনো এ রকম হয়নি!

একবার এক বড় মামাতো বোনের সঙ্গে এক বিছানায় শুয়েছিল শাহতাব। বেশ কয়েক বছর আগের ঘটনা। এইট কী নাইনে পড়ে তখন। বোনটি তার চেয়ে কম করে হলেও তিন-চার বছরের বড়। শীতের রাত বলে লেপের নিচে জড়াজড়ি করে শোয়াটাই স্বাভাবিক ছিল। টুনু আপার সঙ্গে আগেও অনেকবার শুয়েছে। আগেও টুনু আপা তাকে কতবার চুমো খেয়েছে। কিন্তু সে রাতের মতো অদ্ভুত অভিজ্ঞতা একবারও হয়নি। রাত তখন কত সে বলতে পারে না। হঠাৎ ঘুম ভেঙে যায়। বুঝতে পারে টুনু আপা তার উদাম বুকে শক্তি দিয়ে টেনে নিচ্ছে। জামাকাপড় ভেদ করে ওর হাত তার শরীর হাতড়ে এদিক-ওদিক নাড়াচাড়া করছে। টুনু আপা তার শরীরের ওপর উলঙ্গ পা তুলে দিচ্ছে। পাগলের মতো চুমো খাচ্ছে। কিন্তু মুখে কিছুই বলছে না। 
আরও খানিকক্ষণ পর সে লক্ষ্য করল টুনু আপা তার হাফপেন্টের বোতাম খুলছে। তার যৌনাঙ্গে হাত রাখছে। ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। প্রথম দিকে আধাঘুমের মধ্যে এক ধরনের সুখ, কিংবা সুখের মতো কী এক অদ্ভুত অনুভূতি টের পাচ্ছিল শাহতাব। সে অনুভূতি ছিল শরীরের যাতে মন ছিল না। কিন্তু মামাতো বোনের শরীর তাকে পুড়োপুড়ি দখল করে নেওয়ার পর একটি বড় ধরনের ভয় ও লজ্জা তাকে গ্রাস করতে থাকে। টুনু আপাকে তার ভীষণ খারাপ মনে হতে থাকে। কিন্তু মুখে কিছু বলতে পারে না। সে লাফিয়ে বিছানা থেকে উঠে নিচে নেমে যায়। 

কিন্তু আজ রাতের অনুভূতিটা একেবারে অন্যরকম। আজ তার শরীরের সঙ্গে মন ঘর বেঁধেছে। এ ঘর নিজের। জেরিনকে পাশে বসিয়ে সে গাঙপাড়ের লাল-নীল-সাদা পাখি উড়তে দেখে- শত শত। ওই পাখিরা এত সুন্দর রং-বেরঙের যে ওগুলোকে তার ধরতে ইচ্ছে করে, ওদের পাঁপড়ি দিয়ে নিজেদের সাজাতে ইচ্ছে করে। 

মন শরীরের মধ্যে থাকে না মনের মধ্যে শরীর? কোনটা আগে? এসব প্রশ্নের উত্তর জানে না শাহতাব। শুধু বুঝতে পারে, সে কেঁপে উঠছে, ঘেমে উঠছে। কেউ যেন তাকে বড়ই গাছের কাঁটা দিয়ে হানছে, একের পর এক। কিন্তু এর পরও সে কষ্ট ভালো লাগে, সুখের মনে হয়! একে কি প্রেম বলে? ভালোবাসা বলে? ভালোবাসার অনুরণন কি এ রকম হয়?

এরই মধ্যে হৃদয়ের ক্ষতস্থানগুলো থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। অদ্ভুত সেই যন্ত্রণার গহিন এক মোহ আছে। বিছানার চাদর আর বালিশটাকে দুমড়ে-মুচড়ে বুকের তলায় ফেলছে শাহতাব। অনেক বছর পর আবার টুনু আপার উদাম বুকের কথা মনে পড়ছে। টুনু আপার বিয়ে হয়েছে। বিয়েতে সেও গিয়েছিল। তাকে দেখে টুনু আপা হেসে বলেছে, ‘অনেকদিন পর তোকে দেখলাম। তোর বিয়েতে আমাকে কিন্তু আনবি, তোর বউ দেখাবি, ভুল যেন না হয়?’

একদিন টুনু আপাকে খারাপ মনে হলেও আজ খারাপ মনে হয় না। টুনু আপা একদিন তাকে একটি নতুন ভাষা বোঝাতে চেয়েছিল- যা সে বোঝেনি। সেই একই ভাষা কি আজ নিজের মধ্যে তৈরি হচ্ছে! 

নির্ঘুম রাত কেটে যায়- পরদিন ভোরবেলা। ঘুম থেকে উঠেই উত্তরপাড়ার বাড়িটার সামনে বারকয়েক ঘোরাঘুরি করল শাহতাব। নারী-পুরুষের সম্পর্কের প্রথম উপলব্ধি তার বুকের মধ্যে। একটি মেয়েকে ভালোলাগার প্রয়োজন ও দংশন সেই কেবল বুঝতে পারে। এ প্রয়োজন ও দংশন জীবনের সব প্রয়োজন থেকে আলাদা। আঠারো পেরিয়ে উনিশে পড়া এক বালকের শরীরে, মস্তিষ্কে এবং শিরা-উপশিরায় গতরাতে যে ঝড় বয়ে গেছে- সে ঝড় তার মন ও শরীরের সঙ্গম উপলব্ধির, যা তাকে পূর্ণাঙ্গ মানুষের বিশ্বে পদার্পিত করেছে। শাহতাব সে কারণেই নিজেকে আজ নতুন নামে ডাকতে পারে। 
গতকালও একটি কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে ছিল শাহতাব। উত্তরপাড়ার বাড়িটা কাছেই- সামনেই। জেরিন কি জানবে, এই ভোরবেলায় ওকে একনজর দেখতে শাহতাব আবার দাঁড়িয়ে আছে? গ্রামের কেউ কেউ গরু ও লাঙল নিয়ে মাঠে যাচ্ছে। দিনমজুররা কাস্তে ও নিড়ানি হাতে দ্রুত পায়ে হেঁটে চলেছে। ১০টার দিকে শাহতাবকেও যেতে হবে কলেজে। সময় গড়িয়ে যাচ্ছে, অতএব সে অস্থির হয়ে ওঠে। যেতে হবে জেনেও গাছতলা থেকে পা সরাতে পারে না। 

হঠাৎ ছোট্ট একটি মেয়ে দৌড়ে আসে। এদিক-ওদিক তাকিয়ে হাতে একটি কাগজ গুঁজে দিয়ে সে ছুটে চলে যায়। ছোট্ট একটি চিঠি, হাতে নিতেই অস্থির করা আরেক ভয় জাপটে ধরে শাহতাবকে। কী লেখা আছে, কে লিখেছে, কাকে লিখেছে- এসবের কিছুই ভাববার অবকাশ পায় না সে। চিরকুটটিকে হাতের আঙুলে মুড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করে। 

বাড়িতে ঢুকেই ঘরের দরোজা বন্ধ করে দেয় শাহতাব। দুমড়ানো-মুচড়ানো কাগজটি খুলতে ওর সাহস হয় না। শরীর ভয়ংকরভাবে কাঁপতে থাকে। জীবনের প্রথম প্রেমপত্র হাতে তার। বিস্ময়কর অমূল্য এক সম্পদ অথচ কী শ্বাসরুদ্ধকর যন্ত্রণার! কোথায় রাখবে? কেউ যদি দেখে ফেলে! দরজার খিলটা ঠিকমতো লাগানো আছে কি না- পরখ করে আসে শাহতাব। না, ঠিক আছে, কেউ ঢুকতে পারবে না। একবার নিঃশ্বাস বন্ধ করে শাহতাব, চোখগুলো বড় হয়ে ওঠে, দুমড়ানো-মুচড়ানো কাগজটাকে চোখের সামনে মেলে ধরে। 

‘...কাল সারা রাত আমার ঘুম হয়নি। আপনার কি হয়েছে? আজ বৈশাখের প্রথম দিন। আপা-দুলাভাই বললেন, এই দিনে ঝড় হয়। কিন্তু ওরা জানে না আমি কত বড় ঝড়ের মধ্যে আছি। ওদের বলেছি, আমি ঝড়কে ভয় পাই না- হলে হোক।... আপনাকে খুব দেখতে ইচ্ছে করে। কেন করে- তা জানি না। আসবেন আমাদের বাড়ি- অবশ্যই আসবেন ইতি। জেরিন।...’

চিঠিটা পড়ার পর শরীর অবস হয়ে আসে শাহতাবের। নিজেকে পরাজিত মনে হয়। মনে হয় জেরিন তার চেয়ে অনেক বড়। এ সময় তার স্বক্রোধ প্রশ্ন জাগে, কেন যাবে জেরিন এ গ্রাম ছেড়ে? কেন আরও অনেক দিন থাকবে না সে ? ওর বোন আর দুলাভাইকে মুহূর্তের মধ্যে ভয়ানক অমানুষ, নির্দয় মনে হয়। উত্তেজনায় রক্তাক্ত হয়ে ওঠে সে। এরপর স্থির করে, সে ঠেকাবে- যে করেই হোক। কিছুতেই ওকে যেতে দেবে না। 

এর মধ্যে মা আর ছোট ভাইবোনেরা বার-কয়েক দরজায় টোকা দেয়। বাইরে থেকে মা চেঁচিয়ে বলেন, ‘কী হলোরে তোর! দরজা খোল দেখি।’
দ্রুত চিঠিটাকে লুকিয়ে রাখে শাহতাব। তার পর বাইরে বেরোয়। কারও সঙ্গে কথা বলে না। সবার অদৃশ্যে নৃত্য করতে করতে এক আনন্দপরী এসে ভর করে তার ওপর। সবার অলক্ষে, সবার অগোচোরে সেই আনন্দপরী তার উঠন্ত শরীরের প্রতিটি অঙ্গে চুমো খাচ্ছে। কখনো মনে হয়- ফুলবাগানে ঘুরে বেড়াচ্ছে সে আর জেরিন, আবার মনে হয় দরজা দেওয়া ঘরে মশারির নিচে সে আর জেরিন একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে; আরও দেখে, এক পাল সাদা হাঁস লাল শাপলার পাতা উল্টে শামুক খাচ্ছে বিলের পানিতে। বকন বাছুরটার লেজে নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছে মর্দা গরুটা। ভেতর থেকে অজানা এক যন্ত্রণায় ফুঁসে ওঠে শাহতাবের রক্ত। 

হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়। পয়লা বৈশাখে প্রায়সই ঝড় হয়। ঘরবাড়ি ভাঙে, গাছপালা মুচড়ে দেয়। কিন্তু সেদিনের ঝড়টি বড় অদ্ভুত। প্রথমে এক-দুবার দমকা হাওয়া- শন শন- তার পর ক্ষণিকের জন্য স্তব্ধ। এর পর আবারও। ভাইবোনেরা বাইরে থেকে দৌড়ে এসে দরজা পেটাতে থাকে। 
‘ভাইজান, দরজা-জানালা সব বন্ধ কর, কালবোশেখি শুরু হয়েছে। আজ যে পয়লা বৈশাখ- জানো না?’

ঝড়ের মধ্যেই ঘর থেকে বেরোয় শাহতাব। বাতাস তাকে তাড়া করে। বৃষ্টির বড় বড় ফোঁটা ও শিলা শরীরে চাবুক মারে। দ্রুত পা ফেলে সে এগিয়ে যায় উত্তরপাড়ার সেই কাঁঠাল গাছটির তলায়। সবাই যার যার ঘরে ঢুকেছে নিরাপদে থাকবে বলে। কিন্তু শাহতাব দাঁড়িয়ে আছে সেই কাঁঠাল গাছটির তলায়। সে এক পলকে তাকিয়ে আছে নির্দিষ্ট বাড়িটার দিকে। জেরিনকে দেখার অন্তহীন চোখ তার। এই ঝোড়ো বাতাস আর প্রথম বৈশাখী বৃষ্টির মতো কি ওদের মিলন হবে? এই কাঁঠাল তলায়? ওরা কি ঝড় ঠেলে, প্রলয় ঠেলে দুজনে হাত ধরাধরি করে সবার অলক্ষ্যে অন্য কোথাও চলে যেতে পারবে?
আরও খানিকক্ষণ পর প্রকৃতি তার প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ে নদীবাহিত অঞ্চলটিতে। প্রথম দিকে খড়ের ঢিবিগুলো উড়িয়ে নেয়। গাছের পাতা ও কচি ডালগুলোর কাণ্ড ছিঁড়ে ফেলে। তার পর হালকা বাঁশের চাপে বেঁধে রাখা টিনের দোচালা ঘরগুলোকে মুচড়ে-দুমড়ে ধ্বংস করে দিতে থাকে। কিন্তু আঠারো পেরিয়ে উনিশে পড়া শাহতাব এক পা-ও তার জায়গা থেকে নড়ে না। জেরিনকে সে একবার দেখবেই। অদ্ভুত কাণ্ডজ্ঞানহীন এক নেশায় পেয়ে বসে ওকে, যা থেকে সে নিজেকে মুক্ত করতে পারে না। 

হঠাৎ মাঝারি একটি ডাল কাণ্ডচ্যুত হয়ে প্রথমে শাহতাবের ঘারে এবং পরে মাথায় এসে আঘাত করে। ফিনকি দিয়ে রক্ত বেরোয়। বাতাস ও বৃষ্টির যৌথ স্রোতে লাল রক্তগুলো ওর সাদা শার্ট চুয়ে, চোখের কোনা বেয়ে, বাহু গড়িয়ে, বুক, কোমর, যৌনাঙ্গ এবং পা পর্যন্ত ছুঁয়ে মাটিতে মিশতে থাকে। প্রথমে মাথাটা ঘুরে ওঠে- সবকিছু অন্ধকার মনে হয়। এরপরও অদ্ভুত, একরোখা এক শক্তি তাকে ঠিক আগের জায়গায় টিকিয়ে রাখে। শাহতাবের প্রথম প্রেমের রক্তধারা- যৌবনের প্রথম প্রলয়ের সাক্ষী। 

ঝড় থেমে যায় এক সময়। বুক পকেটে রাখা চিঠিটাকে কিছুতেই আর দ্বিতীয়বার পড়া যায় না। পানিতে ভিজে লেখাগুলো ক্ষয়ে গেছে। একমাত্র জেরিন এবং শাহতাব ছাড়া কেউ কখনো জানবে না এক বৈশাখের পয়লা দিনে কী এক বিস্ময়কর প্রলয় ঘটেছিল তাদের জীবনে।

বিদ্যুৎসংকটে দিশেহারা শেরপুরবাসী

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম
বিদ্যুৎসংকটে দিশেহারা শেরপুরবাসী
প্রতীকী ছবি

প্রচণ্ড গরমের মধ্যে শেরপুর জেলাজুড়ে লোডশেডিং ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু, বৃদ্ধ আর অসুস্থ রোগীরা। 

স্থানীয়দের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় দিনে কয়েক দফা বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও কোথাও টানা এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যার পর লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বৈদ্যুতিক পানির পাম্প বন্ধ থাকায় অনেক এলাকায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। এদিকে সম্প্রতি চলমান বিশ্বকাপ খেলা দেখার সময় বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগে পল্লি বিদ্যুতের দুটি অফিসে হামলার ঘটনা ঘটেছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদর, শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে প্রতিদিন দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলছে। কোনো কোনো এলাকায় দিনে ৮ থেকে ১০ বার পর্যন্ত বিদ্যুৎ আসা-যাওয়া করছে। লোডশেডিংয়ের কারণে সেচকাজ ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্যদিকে ফ্রিজে রাখা খাদ্যপণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া অনলাইনভিত্তিক কাজ, মোবাইল ব্যাংকিং সেবা এবং ইন্টারনেটনির্ভর কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

ভোগান্তির বর্ণনা দিয়ে জেলা শহরের নারায়ণপুর মহল্লার বাসিন্দা শামীম আহম্মেদ বলেন, ‘গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পরিবারের সবাই কষ্টে আছি। বিশেষ করে ছোট শিশু ও বৃদ্ধদের নিয়ে দুর্ভোগের শেষ নেই। আমরা দ্রুত এর সমাধান চাই।’

শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকার শিক্ষার্থী আয়েশা বলেন, ‘রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। সামনে পরীক্ষা, কিন্তু এ অবস্থায় প্রস্তুতি নেওয়া খুব কঠিন। সন্ধ্যা থেকেই আমাদের এদিকে বিদ্যুৎ থাকে না।’

একই এলাকার বাসিন্দা আব্দুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এইডা কী অবস্থা হইল। দিনেও কারেন্ট থাহে না, রাইতেও না। আমরা এল্লা ঘুমাবারও পাই না। সবজি লাগাইছি পানি দিমু, সেটাও হয়তাছে না। পানি না দিলে সবজির ক্ষতি হবে, আমরা বড় বিপদে আছি।’

ঝিনাইগাতী উপজেলা দিঘীরপাড় এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘দোকানে ফ্রিজে রাখা ঠাণ্ডা জিনিস নষ্ট অইয়া যায়। কারেন্টের এই অবস্থা থাকলে ব্যবসা কইরা টিক্যা থাকা মুশকিল অইব।’

পল্লি বিদ্যুৎ সমিতির শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, ‘বর্তমানে আমাদের জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ৭০ মেগাওয়াট। তবে আমরা গড়ে ৩০-৩২ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। ফলে প্রায় ৪০-৪২ মেগাওয়াটের ঘাটতি রয়েছে। এ ছাড়া প্রতি ঘণ্টায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের পরিমাণ ওঠানামা করে। তবু আমরা গ্রাহকদের ভোগান্তি কমিয়ে চাহিদা পূরণের চেষ্টা করছি। সরবরাহ বাড়ানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি চলমান বিশ্বকাপ খেলা দেখার সময় বিদ্যুতের লোডশেডিংকে কেন্দ্র করে পল্লি বিদ্যুতের দুটি অফিসে হামলার ঘটনা ঘটে। আমাদের দোষ কোথায়? আমরা তো সরবরাহ কম পাচ্ছি, সে জন্য পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে।’

জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘গত দুই দিন ধরে কিছুটা উন্নতি হয়ে বর্তমানে চাহিদার তুলনায় ৭-৮ মেগাওয়াট কম পাওয়া যাচ্ছে। অর্থাৎ জেলায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ৫৩ মেগাওয়াটের বিপরীতে পাওয়া যাচ্ছে ৪৪-৪৫ মেগাওয়াট। আবার কখনো কখনো ৩৩-৩৪ মেগাওয়াট পাওয়া যায়।’

তিনি বলেন, ‘মূলত জাতীয় গ্রিড থেকে কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় আমরা পর্যায়ক্রমে লোডশেডিং করতে বাধ্য হই। সরবরাহ যখন বাড়ে তখন লোডশেডিং অনেকটাই কমে যায়। সাময়িক এই ভোগান্তির জন্য আমরা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

বাড়ি যেন এক টুকরো আর্জেন্টিনার ক্যানভাস

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম
বাড়ি যেন এক টুকরো আর্জেন্টিনার ক্যানভাস
আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন মেহেদী হাসান। জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া গ্রাম থেকে তোলা/ খবরের কাগজ

গ্রামের সড়ক ধরে সামনে এগোতেই দেখা মিলছে সারি সারি আর্জেন্টিনার পতাকা। আরেকটু যেতেই আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো একটি বাড়ি। দেয়াল, গেট, বারান্দা সবখানেই আকাশি-সাদা রঙের ছোঁয়া। এটি যেন শুধু একটি ইট-সুরকির বাড়ি নয়, বরং এক ফুটবলপ্রেমীর স্বপ্ন ক্যানভাসে আঁকা গল্প। বাড়িটির এক পাশের দেয়ালে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ছবি আঁকা। এসব দেখে মনে হতেই পারে আর্জেন্টিনার কোনো গ্রামের দৃশ্য! ১৭ হাজার কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবল আর লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই নিজের বাড়িটিকে এমন রূপ দিয়েছেন জয়পুরহাটের মেহেদী হাসান।

জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া গ্রামের এই তরুণের কাছে আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, বরং এটি আবেগের নাম। সেই আবেগের কেন্দ্রবিন্দুতে আছেন ‘ফুটবলের জাদুকর’ লিওনেল মেসি। প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসা থেকেই নিজের আট শতক জায়গাজুড়ে থাকা বাড়িটিকে আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন তিনি। দেয়ালের বিভিন্ন স্থানে ফুটে উঠেছে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের ছাপ। শুধু বাড়ির রং নয়, গ্রামের সড়কের মোড় থেকে কয়েক শ গজ দূরে তার বাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে লাগিয়েছেন আর্জেন্টিনার পতাকা।

ছোটবেলা থেকেই মেহেদী আর্জেন্টিনার সমর্থক। সময়ের সঙ্গে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে। বিশেষ করে মেসির প্রতি ভালোবাসা তাকে সব সময় অনুপ্রাণিত করে। মেসির খেলা ও ব্যক্তিত্ব তাকে এত বিমোহিত করেছে যে, প্রায় ২ লাখ টাকা ব্যয়ে নিজের পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করেছেন। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলকে ঘিরে এমন আয়োজন নজর কেড়েছে জেলার মানুষের। তাই সেই বাড়ি দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ফুটবলপ্রেমীরা। 

জেলা সদরের খনজনপুর গ্রামের মারজান হোসেন বাড়িটি দেখতে এসে তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘জয়পুরহাটে এ রকম পতাকার আদলে বাড়িতে রং করা আগে কখনো দেখিনি। তাই মেহেদীর বাড়িটি দেখতে এসেছি। তিনি আর্জেন্টিনার একজন ভক্ত। নিজের জেলায় এমন উদ্যোগ দেখে খুবই আনন্দ লাগছে।’

এলাকাবাসী জানান, এ গ্রামের প্রায় ৮০ শতাংশ মানুষ আর্জেন্টিনার সমর্থক। তাই মেহেদী হাসানের এই কাজ গ্রামবাসীর বিশ্বকাপের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সদরের দুর্গাদহ গ্রামের মামুন হোসেন ফেসবুকের মাধ্যমে আর্জেন্টিনার পতাকার মতো বাড়ি রং করার বিষয়টি জানতে পেরে দেখতে আসেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনার ভক্ত বলে এই বাড়িটি না দেখে থাকতে পারলাম না।’

মেহেদীর এই আয়োজনে খুশি তার পরিবারের সদস্যরাও। তার স্ত্রী পাপড়ী আক্তার বলেন, ‘আমার স্বামীর মতো আমিও আর্জেন্টিনার সমর্থক। আমার স্বামীর এই কাজ আমার ভালোই লাগছে।’

মেহেদী হাসান বলেন, ‘আমি ও আমার পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। মেসিকে আমার খুবই পছন্দ। এ ছাড়া ম্যারোডোনা ও ডি মারিয়ার মতো খেলোয়াড় আর্জেন্টিনায় খেলেছে। আর্জেন্টিনার খেলোয়াড়রা মার্জিতভাবে ফুটবল খেলে। দূর-দূরান্ত থেকে অনেকেই বাড়িটি দেখতে আসায় আমার অনেক ভালো লাগছে। বিশ্বকাপ উপলক্ষে আমার বাড়িতে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছি, সঙ্গে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা আছে।’

বিশ্বকাপে এবারের আসরে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার দিন গুনছেন মেহেদী হাসান। তাই আগেই ঘোষণা দিয়ে রেখেছেন প্রিয় দল বিশ্বকাপ জিতলে খাসি জবাই করে এলাকাবাসীকে আপ্যায়ন করবেন। ফুটবল বিশ্বকাপের আমেজ শেষ হয়ে যাবে কিছুদিন পর, কিন্তু ফুটবলপ্রেম আর মেসির প্রতি ভালোবাসার নীরব সাক্ষী হয়ে থাকবে এই ব্যতিক্রমী বাড়িটি।

ভালোবাসা বটমূলে

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম
ভালোবাসা বটমূলে
অলংকরণ: নাজমুল আলম মাসুম

ভোর ৫টায় মোবাইল ফোনটা বেজে উঠতেই শমীকের ঘুম ভেঙে গেল। ডানপাশে টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে দেখে স্ক্রিনে তার বন্ধু চন্দন রায়ের নাম।
‘কীরে শমীক, ঘুম ভেঙেছে? আজ পয়লা বৈশাখ, মনে আছে তো?’
‘হ্যাঁ, মনে আছে। আমি ৬টার আগেই বটমূলে পৌঁছাতে চাই। তুই সময়মতো রমনা পার্কের প্রধান গেটে গিয়ে অপেক্ষা করবি, আমরা একসঙ্গে ভেতরে যাব।’
‘ঠিক আছে দোস্ত, আজ সারা দিন আমরা একসঙ্গে কাটাব। বটমূলে ছায়ানটের অনুষ্ঠান দেখব, গান শুনব। তার পর যাব চারুকলায়, মঙ্গল শোভাযাত্রা দেখব, ওদের সঙ্গে হাঁটব।’
‘তার পর আমরা যাব ধানমন্ডি লেকের পাড়ে, ওখানে নববর্ষের অনেক অনুষ্ঠান হয়। খাওয়াদাওয়ার বিশেষ ব্যবস্থাও থাকে। আজ দুপুরের খাওয়া ওখানেই হবে।’
‘সবই ঠিক আছে, সবই হবে। কিন্তু তোর গার্লফ্রেন্ড চৈতি আজকের দিনে আমাদের সঙ্গে থাকবে না, এটা ভাবতেও আমার খারাপ লাগছে। আগে প্রতিটি পয়লা বৈশাখে আমরা তিনজন একসঙ্গে ঘুরে বেড়াতাম, কত আনন্দ করতাম। হঠাৎ তোদের কী হলো? তোরা আড়ি দিলি কেন?’
‘আমি তো আড়ি দিইনি, ওই দিয়েছে। মেয়েটা বড় সেনসিটিভ, ওর আঁকা পেইন্টিং নিয়ে ঠাট্টা করে কিছু একটা বলতেই ও রেগে গেল, কথা বন্ধ করে দিল। তিন মাস হয়ে গেল আমাকে ফোন করে না, ফোন ধরে না। দেখা হলে কথাও বলে না।’
‘ঠিক আছে, আজ যদি চৈতিকে বটমূলে পাই, আমি কথা বলব ওর সঙ্গে। আড়ি ভাঙিয়ে তোদের ভাব করিয়ে দেব। চিন্তা করিস না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে যা। ৬টার মধ্যেই বটমূলে পৌঁছতে হবে।’ 

২.
শমীক মাহমুদ ও চন্দন রায় দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র। তৃতীয় বর্ষ অনার্সে ওরা পড়ছে। শমীক থাকে শহীদুল্লাহ হলে, জগন্নাথ হলে থাকে চন্দন। ওরা এইচএসসি পাস করেছে একই সঙ্গে ঢাকা কলেজ থেকে। সেখানে হোস্টেলে থেকেছে একই রুমে। শুরু থেকেই ওদের মধ্যে গভীর বন্ধুত্ব। শমীক কবিতা লেখে স্কুলজীবন থেকেই। এখন তার কবিতা প্রায় প্রতি সপ্তাহেই সংবাদপত্রের সাহিত্য পাতায় ছাপা হয়। কবি হিসেবে পরিচিতি পেয়েছে। বন্ধু চন্দন কবিতা না লিখলেও শমীককে কাব্যচর্চায় উৎসাহ দেয়। 
শমীক ও চন্দন দুজনেই চিত্রশিল্পের অনুরাগী। চারুকলা ইনস্টিটিউটে কোনো প্রদর্শনী থাকলে ওরা যাবেই। এ কারণেই চারুকলায় তাদের যাতায়াত ছিল। এমনি এক চিত্র প্রদর্শনী দেখতে গিয়ে ওদের পরিচয় হয়ে গেল ফাইন আর্টস বিভাগের ছাত্রী চৈতি রহমানের সঙ্গে। চারুকলা চিত্রশিল্প নিয়ে কথা বলতে বলতে ওদের সম্পর্ক, আরও ঘনিষ্ঠ হলো। শমীক কবিতা লেখে জেনে চৈতি খুশি হলো। সেও কবিতা পছন্দ করে, মাঝেমধ্যে লিখেও ফেলে। 
ওদের প্রায়ই দেখা যায় টিএসসি অথবা মধুর রেস্তোরাঁয় একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। কখনো ওরা বেইলি রোডের কোনো রেস্তোরাঁয় গিয়ে বসে। শিল্পকলা একাডেমির অনুষ্ঠানেও যায়, নাটক দেখে। এভাবে দিন গড়িয়ে যায়, ওদের লেখাপড়াও এগিয়ে চলে। 
চন্দন একদিন বুঝতে পারে শমীক ও চৈতির সম্পর্কটা বন্ধুত্বের পর্যায় ছেড়ে আরও কিছুটা এগিয়ে গেছে। চৈতির প্রতি চন্দনের দুর্বলতা ছিল ঠিকই, কিন্তু সে বাস্তববাদী। বাস্তবকেই মেনে নেয় চন্দন। নিজেকে সে গুটিয়ে নিতে থাকে ওদের কাছ থেকে। মনে মনে বলে, ‘সত্য যে বড়ই কঠিন/ সে কখনো করে না বঞ্চনা/ তাই কঠিনেরে ভালোবাসিলাম।’ 
কিন্তু শমীকের কাছে ধরা পড়ে যায় চন্দন। শমীক তাকে সরাসরি প্রশ্ন করে, ‘কী হয়েছে তোর? তুই আমাদের কাছ থেকে দূরে থাকিস কেন?’
‘দূরে কোথায়, তোদের কাছেই তো থাকি। আমাকে ডাকলেই পাওয়া যায়।’
‘তা পাওয়া যায়, কিন্তু ডাকতে হবে কেন? আমরা তিনজন একসঙ্গে ছিলাম, এক সঙ্গেই থাকতে চাই। কিন্তু তুই একটু দূরে সরে গেছিস। কেন বুঝতে পারছি না। তাই জানতে চেয়েছি কী হয়েছে।’
এবার চন্দন হেসে ফেলে। শমীকের পিঠে হাত রেখে বলে, ‘কিছুই হয়নি দোস্ত, সব ঠিক আছে। আমি তোকে খুব ভালোবাসি, সব সময় তোর ভালোটাই আমি চাই। তাই তোর পথ থেকে একটু সরে দাঁড়ালাম। তোরা দুজন এগিয়ে যা। আমি তোদের পাশে না হলেও ঠিক পেছনে আছি।’ 
‘না, আমি তোকে আমার পাশেই চাই। আমরা তিনজন আগের মতোই একসঙ্গে থাকব, একসঙ্গে ঘুরে বেড়াব। একজনকে পাওয়ার জন্য তোকে আমি হারাতে চাই না চন্দন।’
‘বোকার মতো কথা বলছিস শমীক। আমি তো হারিয়ে যাচ্ছি না। তোদের সঙ্গেই থাকব। আমি শুধু তোদের দুজনকে স্থায়ীভাবে এক করে দিতে চাই। তোর আর চৈতির জুটিটা চমৎকার হবে। একজন কবি, আরেকজন শিল্পী, তোদের দুজনেরই কাজ অনেক সুন্দর হবে, সৃষ্টিশীলতা অনেক বাড়বে।’

৩.
সেদিন বাংলা নববর্ষ-পয়লা বৈশাখ। ২০০১ সালের ১৪ এপ্রিল। ভোর ৬টার মধ্যেই শমীক পৌঁছে যায় রমনা পার্কের প্রধান গেটে। গিয়ে দেখে চন্দন আগেই এসেছে সেখানে।
‘শুভ নববর্ষ শমীক। তোকে অনেক ধন্যবাদ, সময়মতো এসেছিস। হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছিস, তোকে খুব মানিয়েছে।’
‘শুভ নববর্ষ চন্দন। হ্যাঁ, এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দের। গত বছর নববর্ষে চৈতি উপহার দিয়েছিল। একবার ভাবলাম এটা আর পরব না। তার পরেই মনটা কেমন হয়ে গেল। এটাই পরে ফেললাম।’
‘খুব ভালো করেছিস। তোকে এই পাঞ্জাবি পরা দেখলে চৈতির মনটাও নরম হয়ে যাবে। তোদের মান-অভিমানের মীমাংসা আজই করে ফেলব। চল বটমূলের দিকে যাই। দেখি চৈতি এসেছে কি না।’
ওরা দুজন মাঠের ওপর দিয়ে হেঁটে যেতে থাকে। তখন ঘড়িতে সোয়া ৬টা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসে গেছে বর্ষবরণের অনুষ্ঠানে। নবীন-প্রবীণ সব বয়সী মানুষ আসছেন রমনায়, অনেক দম্পতির সঙ্গে তাদের শিশু সন্তানও আছে। 
রমনার প্রাঙ্গণে জনতার ভিড় ক্রমেই বাড়ছে। বেশির ভাগ পুরুষের পরনে পাঞ্জাবি-সাদা অথবা রঙিন। মেয়েরা প্রায় সবাই লালপাড় সাদা শাড়ি পরেছে। চুলে কানের পাশে অথবা খোঁপায় ফুল গুঁজেছে অনেকেই। অল্পবয়সী মেয়েরা ফুলের রিং মাথায় দিয়ে হাসি-উল্লাসে মেতেছে। তরুণ-তরুণীদের জটলা এখানে-ওখানে। সকালের নরম রোদ আর স্নিগ্ধ বাতাস, আনন্দ-মুখর মানুষের সমাবেশ আর বর্ষবরণের গান, রমনার প্রাঙ্গণকে নতুন রূপে সাজিয়েছে। 
‘এটাই বাঙালির বর্ষবরণ। এক সময় পয়লা বৈশাখ উদ্‌যাপন হতো শুধু গ্রামাঞ্চলে, এখন এটা এসে গেছে শহরে, নগরে। ঢাকা মহানগরীতে নববর্ষের অনুষ্ঠান বেশি হয়। তাই না শমীক?’
‘ঠিকই বলেছিস চন্দন। পাকিস্তানি শাসনামলে ওরা বলত পয়লা বৈশাখের বর্ষবরণ উদ্‌যাপন এ দেশের সংস্কৃতি নয়, ওটা ভারতীয় সংস্কৃতি। পাকিস্তানের জাতীয় পরিষদে একজন কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করলেন, পয়লা বৈশাখ উদ্‌যাপন করতে দেওয়া হবে না। ফলটা কী হলো? বাঙালিরা খেপে গিয়ে আরও বেশি করে নববর্ষ উদ্‌যাপন করতে থাকে। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান শুরু হয় ষাটের দশকের মাঝামাঝি সময়ে। প্রতি পয়লা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠান এখনো চলছে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় শুধু একবার বন্ধ ছিল।’
চন্দন লক্ষ করে শমীক যখন কথা বলছে, তার চোখ এদিকে-ওদিকে কাকে যেন খুঁজছে। বোঝা গেল শমীকের চোখ খুঁজছে চৈতিকে। চন্দন চুপ করে থাকে, কিছু বলার তো নেই। যে করেই হোক আজ চৈতিকে খুঁজে বের করতেই হবে। 
হঠাৎ চন্দনের সামনে এসে দাঁড়ায় ওদের সহপাঠী অপর্ণা বড়ুয়া। অপর্ণা হেসে বলে, ‘শুভ নববর্ষ। তা তোমরা দুজন কেন, আরেকজন কোথায়?’
‘কার কথা বলছ অপর্ণা?’ শমীক জানতে চায়।
‘ন্যাকা। কিছুই বোঝ না? চৈতি কোথায়? তোমাদের সঙ্গে নেই কেন?’
‘চৈতি এখনো আসেনি, আসবে।’
‘আসবে বলছ কেন? ও তো এসে গেছে। বটমূলে অনুষ্ঠানের ডানদিকে দাঁড়িয়ে গান শুনছে। লালপাড়, সাদা শাড়ি, কপালে লালটিপ, ওকে কী সুন্দরই না লাগছে। বেচারা একা দাঁড়িয়ে আছে। তোমরা ওর কাছে যাও।’
চন্দন হাঁফ ছেড়ে বাঁচে। শমীকের হাত ধরে বলে, ‘চলো দোস্ত বটমূলে যাই। চৈতি তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে।’
‘তুই যা। ওকে আমার কাছে আসতে বল।’
‘ঢং করিস না তো। ওটা মেয়েদের মানায়, পুরুষদের নয়। চল আমার সঙ্গে।’ 
শমীকের হাত ধরে চন্দন এগিয়ে যায় বটমূলের দিকে। তখন সকাল ৮টা বাজতে কিছু সময় বাকি। বহু মানুষ বিশাল বটগাছের ছায়ায় বসে গান শুনছে-বর্ষবরণের গান। বটমূলে নিচ থেকে ওপরে, সারি সারি কাঠের বেঞ্চ দিয়ে তৈরি বিরাট মঞ্চে বসে ছায়ানটের শিল্পীরা গান গাইছে। শিল্পীদের মধ্যে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, সবাই আছে। এরা সবাই ছায়ানটের শিক্ষার্থী। একই রঙের পোশাক পরেছে। 
বটমূলে মঞ্চের ঠিক বিপরীত দিকে এসে দাঁড়ায় শমীক ও চন্দন। ওদের সামনেই বিপুল সংখ্যক শ্রোতা মাঠে বসে গান উপভোগ করছে। মাঠের একপাশে উঁচু প্লাটফর্মে বিটিভির ক্যামেরা দিয়ে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার চলছে। 
চন্দনের চোখ হঠাৎ গেল ডানদিকে। সে দেখে চৈতি দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষের সঙ্গে। তাকিয়ে আছে এই দিকে। লালপাড় সাদা শাড়িতে ওকে অপূর্ব লাগছে। 
‘শমীক, ওই দ্যাখ তোর চৈতি, এদিকেই তাকিয়ে আছে। যা ওর কাছে।’
শমীক যাওয়ার জন্য পা বাড়াতেই বিকট শব্দে একটা বিস্ফোরণ। একটি শক্তিশালী বোমা ফেটেছে বসে থাকা শ্রোতাদের মাঝখানে। ধোঁয়া, বারুদের গন্ধ, আহত মানুষের আর্তনাদ। শিল্পীদের গান থেমে গেছে। মানুষের হুড়োহুড়ি, সবাই ছুটে যাচ্ছে যে যেদিকে পারে। পুলিশ, স্বেচ্ছাসেবী, সবাই যাচ্ছে আহতদের উদ্ধার করতে। 
কিছুক্ষণ পরেই আর একটি বোমা ফাটল একই জায়গায়। শমীক যখন কোনোদিকে যাবে ভাবছে, ঠিক তখনই তাকে কেউ জড়িয়ে ধরল সামনের দিক থেকে। শমীক দেখে একজন নারী তাকে জড়িয়ে ধরেছে। তার চুলের গন্ধ আর দেহের স্পর্শে শমীক বুঝতে পারে এ তার হারিয়ে যাওয়া প্রিয়বান্ধবী চৈতি। ভয়ে থর থর করে কাঁপছে। শমীক ওকে শক্ত করে ধরে রাখে। 
‘ভয় নেই চৈতি। আমি তো আছি তোমার সঙ্গে। চলো আমরা এখান থেকে অন্যদিকে যাই।’

নববর্ষের উৎসব: উৎস থেকে নিরন্তর

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম
নববর্ষের উৎসব: উৎস থেকে নিরন্তর
ছবি: খবরের কাগজ

বাঙালির উৎসবের আয়োজনে সামর্থ্যের চেয়ে অতিশয়োক্তি থাকে বৈকি। জাতি হিসেবে এ ধারা আমাদের উৎসবমুখর বললে বাড়িয়ে বলা হবে না বোধকরি।

উৎসব মানেই আনন্দ, হইহুল্লোর, খাওয়াদাওয়া, বেড়ানো- কত কী। বাঙালির জীবনে ঈদ, পূজা ও বাংলা নববর্ষ বড় উৎসব। ঈদ ও পূজা ধর্মীয় উৎসব হলেও বাংলা নববর্ষ সব ধর্মের মানুষ উদ্‌যাপন করে এ জন্য এ উৎসব সর্বজনীন। একসময় গ্রাম বাংলায় নববর্ষকে ঘিরে গ্রামের মেলা, লাঠিখেলা, নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানোসহ নানা আয়োজনে নববর্ষকে কেন্দ্র করে আনন্দের ধুম পড়ে যেত। স্মৃতির খাতার পাতা উল্টিয়ে আজও উঁকি দেয় ছোটবেলার গ্রামের মেলার কাঁচাগোল্লা, গরমজিলিপি, খাজা, মাটির পুতুল, ঘোড়াসহ হরেক রকম জিনিস। নাগরদোলার দোল যেন আজও মনে দোলা দেয়। নববর্ষের মেলার মাটির খেলনা ছোটবেলায় যজ্ঞের ধন মনে হতো। সময় বদলে নববর্ষের উৎসব ভিন্ন আঙ্গিকে রূপ নিয়েছে। সরকার বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের বাড়তি একটি উৎসব ভাতা প্রদান করায় বাংলা নববর্ষের আয়োজনে নতুন মাত্রা যোগ হয়েছে। 

প্রতি বর্ষের সমাপ্তে বাংলা নববর্ষ হাজির হচ্ছে বৃহৎ পরিসরে বাঙালির জীবনে। বাংলা নববর্ষ দিনদিন পরিসর বৃদ্ধি করে রং ছড়াচ্ছে। মানুষের গায়ের জামা থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রার পাপেটের রং ও বৈচিত্র্যে ভরপুর। উৎসবের আমেজে বাঙালি নববর্ষে সাজায় নিজেকে নতুন কাপড়ের মোড়কে। নববর্ষকে কেন্দ্র করে বাঙালিয়ানাকে ধারণ করে আমরা জীবনের চলার পথের নতুন আনন্দ খুঁজে পাই। যদিও সারা বছরে নববর্ষের বাঙালিয়ানার রক্ষক আমরা থাকি না। তবু নববর্ষ জাতি-ধর্ম-নির্বিশেষে এক সর্বজনীন উৎসব। বাঙালির মহামিলনের একটি উপলক্ষ। 

বাঙালি সংস্কৃতির ইতিহাস পাঠ মত-মতান্তরে ভরপুর। বাংলা নববর্ষের প্রচলন- এমনকি ছায়ানটের নববর্ষের উদ্‌যাপনের সূচনার ইতিহাস নিয়েও মত-মতান্তর রয়েছে। কবে, কোথায়, কে বা কারা করেছিলেন এরূপ প্রশ্ন ছুড়লে বাংলা নববর্ষের উৎপত্তির ইতিহাস তর্কের বেড়াজালে জড়িয়ে যায়। আর যারা এসব বিষয় নিয়ে চর্চা করেন তারা সমাধানে পৌঁছনোর চেয়ে নিজের শক্ত বা নরম-যুক্তি যাই হোক না কেন- সেই অবস্থানেই থিতু হয়ে থাকতে চান। বাংলা নববর্ষের প্রবর্তনের ইতিহাসে অনেকের নাম এলেও সবচেয়ে আলোচিত ও প্রচলিত নামটি হচ্ছে মুঘল সম্রাট জালাল উদ্দিন মুহাম্মদ আকবরের। মুঘলরা মুসলিম হিসেবে রাজ্য শাসন অনুসরণ করত হিজরি সন অনুযায়ী। হিজরি সন চান্দ্র সন। সমস্যা হচ্ছে হিজরি সন সৌরবর্ষের চেয়ে ১০-১১ দিন ছোট। ফলে গাণিতিক হিসেবে তিন বছর অন্তর সৌর সনের চেয়ে হিজরি সন এক মাস এগিয়ে আসে, এভাবে আকবরের সিংহাসন আরহণের সময় ১৫৫৬ খ্রি. থেকে শুরু করে মোট ২৯ বছর রাজত্বকালে প্রচলিত শতাব্দের সঙ্গে হিজরি সনের সময় তারতম্য ঘটেছিল ৯ মাসের।

আরেকটি বড় সমস্যার সৃষ্টি হয়েছিল খাজনা আদায় নিয়ে। কারণ মুঘলরা হিজরি সনের অনুসারী হয়ে রাজ্য পরিচালনা করলেও হিজরি সনের মাসগুলো মৌসুম ঋতুকেন্দ্রিক ছিল না। এ পরিপ্রেক্ষিতে ফসল কাটার সময় নির্দিষ্ট করে খজনা আদায়ে জটিলতা তৈরি হয়েছিল। সাধারণ মানুষের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক। তখনকার জনজীবন মূলত কৃষির আবহে চলত। কৃষিকাজ ও খাজনা আদায়ে সুবিধার জন্য আকবর তারিখ-ই-ইলাহি সন বলে নতুন সন চালু করেছিলেন। মূলত আকবরের আদেশে দরবারের সেরা পণ্ডিত জ্যোতিষ শাস্ত্রবিদ আমির ফাতেহ উল্লাহ্ সিরাজি বাংলা সনের উদ্ভাবন করেন। ফাতেহ উল্লাহ সিরাজি আকবরের সিংহাসনে আরোহণের তারিখ, ১৮ ফেব্রুয়ারি ১৫৫৬ খ্রি.-কে ভিত্তি ধরে সন গণনা শুরু করেন। সেই থেকে বাংলা সনের পথচলা। একটি বিষয় বলে রাখা উচিত আকবরের প্রচলিত সর্বজনীন নতুন ধর্ম ‘দ্বিন-ই-ইলাহি’ ও তারিখ-ই-ইলাহির সময়কাল অভিন্ন। কালের আবর্তে দীন-ই-ইলাহি পথ চলতে না পারলেও আকবরের নির্দেশে ফতেহ উল্লাহ্ সিরাজি প্রবর্তিত বাংলা সনকে কার্যকর করেছিলেন আকবরের সজ্ঞা ও প্রজ্ঞায় ঋদ্ধ অর্থ উপদেষ্টা টোডরমল। তিনি ১৫৮৫ খ্রি. ১০ মার্চ ইলাহি সনের কার্যকরণ ঘটান। এ সময় থেকে বাংলায় খাজনা আদায়ে বাংলা সন গণনা করা হয়। উল্লেখ্য, বাংলা সন প্রবর্তনের আগে হিসাব সমন্বয়ের কাজটি জটিল ছিল। কারণ উপমহাদেশে শতাব্দসহ হিসাব ছিল সৌর বর্ষ। কিন্তু হিন্দু-মুসলিম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি চন্দ্র মাসের হিসাবে মান্য করা হতো। সৌরবর্ষ যেহেতু হিসাবের নিক্তিতে তিন বছর অন্তর এক মাস এগিয়ে যেত তাই হিসাবের সুবিধার্থে প্রতি তিন বছর অন্তর প্রাচীন আরবি রীতির মতো এক মাস নামমন্ত্র হিসাবে সংযোগ করে বাদ দেওয়া হতো। গোঁজামিলের এ পদ্ধতির নাম ছিল ‘সাবনমিতি’। 

চন্দ্রমাস ও সৌরবর্ষের ব্যবহারের প্রাচীন রীতির একটি সমন্বয় ও সরলীকরণের মানসেই আকবর বাংলা সনের প্রচলন করেছিলেন। সৌরবর্ষ ও চন্দ্রবর্ষের সমন্বয়ে বাংলা সন ও মাসে সৌর ও চন্দ্রের রেশ বয়ে যায়। যেমন বিশাখা নক্ষত্রের আদলে নাম বৈশাখ, জ্যৈষ্ঠা নক্ষত্রের আদলে জ্যৈষ্ঠ, আষাঢ়া নক্ষত্রের আদলে আষাঢ়, শ্রবণা নক্ষত্রের আদলে শ্রাবণ, ভাদ্রপদা নক্ষত্রের নামের আদলে ভাদ্র, অশ্বিনী নক্ষত্রের আদলে আশ্বিন, কৃত্তিকা নক্ষত্র থেকে কার্তিক, আমন থেকে অগ্রহায়ণ, পুষ্য নক্ষত্র থেকে পৌষ, মঘা নক্ষত্রের আদলে মাঘ, ফাগুনী নক্ষত্র থেকে ফাগুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র।

ওপরের বর্ণনা তো গেল আকবর অখ্যান। কিন্তু বাংলা সনের ব্যুৎপত্তির উৎসে আকবরের নাম ছাড়া তো আরও কিছু নাম, স্থান ও সময়ের সংযোগ রয়েছে। বাংলা সনের হিসাবের সূত্রপাতে আকবরের পাশে পেরেক ঠুকে নাম আছে- রাজা শশাঙ্ক তিব্বতের রাজা রিস্প্রভ-সন, বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্, মুর্শিদ কুলি খাঁসহ আরও অনেকের নাম। তবে বাংলা সন প্রবর্তক হিসেবে মহামতি আকবরের পাল্লাই ভারী। আকবর ছিলেন সুন্নি মুসলিম। তার জাতিসত্তার ঐতিহ্য ছিল তুর্কি আতর মাখা। জাতিক সাংস্কৃতিক উত্তরাধিকারে মুঘলরা ছিল ইন্দো-পারসিক। শাসক হিসেবে আকবর বিচক্ষণ ছিলেন। তার আমলেই মুঘল রাজ্য সর্বাধিক বিস্তৃত হয়েছিল। তিনি সৌর ও চন্দ্রবর্ষের সমন্বয় করে প্রজাদের ফসল তোলার সময় বর্ষের গণনা শুরু করেছিলেন সুদূরপ্রসারী ধ্যান ও ধারণা থেকে। তিনি দিব্যদৃষ্টিতে বুঝেছিলেন প্রজাদের আর্থিক সচ্ছলতার সময় খাজনা আদায় সুবিধাজনক। আকবরের বাংলা সনে প্রজাদের খাজনা নবায়নের পাশাপাশি বাংলায় বাংলা সনের শুরুতে ব্যবসায়ীদের হালখাতা প্রচলন ধীরে ধীরে রেওয়াজে পরিণত হয়। তবে বাঙালি সমাজে নববর্ষকে নাগরিক মোড়কে নানা রঙে উৎসবের ডামাডোলে গ্রহণের রেওয়াজ সাম্প্রতিক। বাঙালির জীবনের বিশেষত ঢাকার নাগরিক সমাজে নববর্ষ বরণের প্রসঙ্গ এলেই প্রভাতে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ সংগীতের কথা আসে। ছায়ানটের বর্ষবরণে শুরুর সময়ে ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৭ সালের দাবি আছে। তবে ড. সন্জিদা খাতুনের লেখার তথ্য হলো, ‘১৯৬৭ সালের ১৫ এপ্রিল শনিবার ছিল পয়লা বৈশাখ। অবজারভার ১৪ তারিখের কাগজে নতুন বছরকে আবাহন করেছে- welcome pahela Baishakh শিরোনামে। সে বছর দেশের নানা অঞ্চল থেকে বর্ষবরণের খবর আসে ঢাকায়। প্রত্যুষে ছায়ানটের অনুষ্ঠান, এ বছরেই প্রথম রমনার বটমূলে। 

অবজারভার পত্রিকা পয়লা বৈশাখ উদ্‌যাপনের ছবি ছাপে। এতে দেখা যায় হার্মোনিয়ামে আছে শাহীন আক্তার, তানপুরা বাজিয়ে গান গাইছেন মাহমুদুর রহমান মাহমুদ (বেনু)। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ১৯৬৭ সালের নববর্ষে শহিদ মিনার থেকে প্রভাতফেরি শুরু করেছিল।’

পয়লা বৈশাখে সাম্প্রতিক বছরগুলোতে উৎসবের আয়োজন নগরের গণ্ডি পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তবে নববর্ষে যে বাঙালিয়ানা পরিচয়ে প্রকাশিত- আমরা সারা বছর সেই ভাবনা ও চর্চা থেকে দূরে থাকি। ঢাকার চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রার মঙ্গল কামনায় মানুষের ঢল আমাকেও তাড়িত করে। কিন্তু প্রতিদিন আটপৌঢ়ে বাঙালি জীবনচর্চার মেলবন্ধন থেকে আমাদের সরে যাওয়া কাঙ্ক্ষিত নয়। মাঝে মাঝে সর্বস্তরে বাংলার প্রচলনে সরকার কিছু নির্দেশনাও জারি করা হয়। কিন্তু বাস্তবতা অনেকটাই দূরে থাকে। আমরা বাংলা দিন তারিখ এমনকি অনেক সময় মাসের নামও মনে রাখি না। 

শুধুই নববর্ষে বাঙালির হাজার বছরের লৌকিক আচারকে প্রতীকীরূপে ধারণ ও পালন করা নববর্ষের তাৎপর্য হতে পারে না। নববর্ষের নানা রঙের সঙ্গে মিশে আছে অসাম্প্রদায়িক বাঙালির হাজার বছরের ঐতিহ্য। ধর্ম ও সংস্কৃতিভেদে আমাদের জাতিগত ইতিহাসের পথ পরিক্রমণের সমন্বয়সূত্র। নববর্ষের নব আভায় আমাদের প্রাচীন ইতিহাসের শিকড়ের অনুসন্ধান প্রয়োজন।

বাংলা নববর্ষের উৎসবের পরিবর্তনে আমাদের গ্রামবাংলার নববর্ষের মেলাগুলোর রূপান্তর সবচেয়ে বেশি। গ্রাম্য নববর্ষের মেলায় কিছুদিন আগেও বাতাসা, কদমা, চিনির সাজ, জিলাপি, তিলের খাজা, গজা, ঝুরি, ইত্যাদি ছিল অন্যতম উপকরণ। এ ছাড়া গ্রামীণ জীবনের প্রয়োজনীয় সব উপকরণ যেমন- চাষের লাঙল, জোঁয়াল, মই, ডালা, ঢেঁকি, চালুন, কুলা, শীতলপাটি ইত্যাদি পাওয়া যেত। এখন গ্রাম্য মেলায় শহরের জিনিসপত্র বেশি দেখা যায়। লোকজ বাংলার গ্রাম্য মেলার উপকরণগুলো আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে।

গ্রাম্য মেলাগুলোর চিরায়ত রূপ পরিবর্তন বৈশাখী নববর্ষের রূপের সঙ্গে বড়ই অপরিচিত। বাঙালির বর্ষবরণের অসাম্প্রদায়িক চেতনার খবর ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা প্রান্তে। এখন শুধু চর্চা ও চেতনায় প্রয়োজন বাঙালিয়ানা ধারণ ও লালন করার বছরব্যাপী প্রত্যয়ের। তবেই আমাদের পথচলায় প্রকাশ পাবে নববর্ষের বাঙালির জাতিসত্তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের।

নববর্ষের উৎসবের শেকড়ের সন্ধান যেমন ছিল একই সঙ্গে গ্রামীণ অর্থনীতির নবায়ন ও নিরন্তর যাত্রার উপলক্ষ ছিল আজ নববর্ষের উৎসবের মোড়কি রূপ আরও ঝকমকে হয়েছে- কিন্তু কমেছে ভূমিজ সংস্কৃতির কর্ষণের উত্তাপ। তাই আজও মনোজমিনে হারিয়ে খুঁজি শৈশবের নববর্ষের ‘মদনার মার’ মেলার কাঁচাগোল্লা ও মাটির খেলনা।

লেখক: গবেষক ও প্রাবন্ধিক

রবীন্দ্রনাথের বৈশাখ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
রবীন্দ্রনাথের বৈশাখ
অলংকরণ: নাজমুল আলম মাসুম

বাংলাদেশ অপূর্ব ঋতুবৈচিত্র্যের দেশ। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ দেশের প্রকৃতির রূপ-রসের বদল ঘটে। হাজার বছর ধরে চক্রাকারে এ বদল ঘটে আসছে। কীভাবে এবং কেমন করে এ বদল ঘটে- তার স্বরূপটি ধরা আছে আমাদের হাজার বছরের সাহিত্য ও সংগীতে। বাংলা সাহিত্যের পাঠক মাত্রই তা জানেন। প্রাচীন বাংলা সাহিত্যে প্রকৃতির চালচিত্র ছিটাফোঁটা থাকলেও মধ্যযুগের সাহিত্যে বিধৃত হয়েছে। কালকেতু উপাখ্যানে ফুল্লরার বারোমাস্যায় সব ঋতুরই বিবরণ আছে। বৈষ্ণব-পদাবলিতে ঋতুবদলের সঙ্গে প্রকৃতির রূপের পরিবর্তন লক্ষ করা যায়। রাধার প্রেমানুভূতির নানামাত্রিক প্রকাশও অনেকটা ঋতুসাপেক্ষ। বাংলা আধুনিক সাহিত্যে মানব জীবনের অনুষঙ্গে এ দেশের ঋতু ও প্রকৃতির উপস্থিতি কোনো কোনো সাহিত্যিক অবিস্মরণীয় করে রেখেছেন; এ ক্ষেত্রে বিশেষভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জসীম উদদীন, বন্দে আলী মিয়া প্রমুখের নাম উল্লেখ করা যায়। এমনকি তিরিশোত্তর আধুনিক কবিদের মুখ্যজন জীবনানন্দ দাশ হেমন্ত ঋতুকে বাংলা সাহিত্যে চিরস্থায়ী করে গেছেন।

রবীন্দ্রনাথ তার নানাবিধ সৃজনকর্মে- বিশেষত কাব্য, নাটক, ছোটগল্প, সংগীত, চিঠিপত্র ইত্যাদি রচনায় বাংলার ঋতুভিত্তিক প্রকৃতির রূপ-সৌন্দর্য চিত্রিত রেখেছেন। তিনি গীতবিতানের গানগুলোর বিষয়ভিত্তিক যে বিন্যাস করেছেন তাতে প্রকৃতি পর্যায়ের ২৮৩টি গান আছে। এ ছাড়া গীতবিতানের প্রেম ও প্রকৃতি পর্যায়ের গান এবং  গীতিনাট্যের কিছু গানেও প্রকৃতির প্রসঙ্গ লক্ষণীয়। 

রবীন্দ্রনাথ রচিত, আমাদের বাল্যকালে স্কুলপাঠ্য, সেই অবিস্মরণীয় (সহজপাঠ, প্রথম ভাগ, প্রকাশকাল: বৈশাখ ১৩৩৭) কবিতা ‘আমাদের ছোট নদী’। এর প্রথম দুটি পঙ্‌ক্তি বাঙালি-পড়ুয়া মাত্রই স্মরণ করতে পারেন: ‘আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে,/ বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।’ কবিতাটির দ্বিতীয় পঙ্‌ক্তিতেই ‘বৈশাখ’ মাসের উল্লেখ আছে। এ কবিতায় বৈশাখের প্রকৃতি-পরিবেশ কবি পঙ্‌ক্তিবদ্ধ করেছেন। বৈশাখের রুক্ষতা, দাবদাহ, প্রায় জলশূন্য হাঁটুজলের নদী এবং এরকম অনুষঙ্গে যে জঙ্গম মানবজীবন তারই চালচিত্র রয়েছে রচনাটিতে। বাঙালি কিশোর-কিশোরীর চিরকালীন দুরন্ত ছেলেবেলার চিত্র পাই বৈশাখের হাঁটুজলের নদীর বিবরণে: ‘তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে/ গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।/ সকালে বিকালে কভু নাওয়া হলে পরে/ আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।’

বাংলা নববর্ষ নিয়ে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ‘নববর্ষে’। কবিতাটি চিত্রা কাব্যের অন্তর্ভুক্ত। এর রচনাকাল পয়লা বৈশাখ ১৩০১। প্রত্যক্ষভাবে বৈশাখের কথা উল্লেখ না করলেও মূলত বাংলা নববর্ষের প্রথম দিনে (বৈশাখের প্রথম দিন) কবির উপলব্ধি কী তা অভিব্যক্ত হয়েছে এভাবে: ‘আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন/ করিলাম নত।/ বন্ধু হও, শত্রু হও,/ যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো/ পুরাতন বর্ষের সাথে/ পুরাতন অপরাধ যত।’ কিন্তু নববর্ষের শুভলগ্নটি কবির কাছে আনন্দবেদনা মিশ্রিত: ‘এসো এসো নতুন দিবস/ ভরিলাম পুণ্য অশ্রুজলে/ আজিকার মঙ্গলকলস।’ 

রবীন্দ্রনাথের কল্পনা কাব্যের অন্তর্ভুক্ত ‘বৈশাখ’ শিরোনামের কবিতাটি বেশ জনপ্রিয়। রচনাকাল ১৩০৬। বাংলা নববর্ষের অনুষ্ঠান এ কবিতাপাঠ ছাড়া যেন সম্পন্ন হয় না। বাংলা মাসগুলোর মধ্যে বৈশাখ মাসের যে স্বতন্ত্রতা রয়েছে তা এ কবিতা পাঠে সুস্পষ্ট হয়। বৈশাখ দিয়ে বাংলা নববর্ষের সূচনা। এ মাসটির বৈশিষ্ট্য নির্দেশ করে রবীন্দ্রনাথ লিখেছেন: ‘হে ভৈরব, হে রুদ্র বৈশাখ।/ ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,/ তপ্তঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল/ কারে দাও ডাক/ হে ভৈরব, হে রুদ্র বৈশাখ।’ বৈশাখ যে রুদ্র কালবৈশাখী নিয়ে আসে তার ভয়ংকর রুদ্ররূপ রবীন্দ্রনাথ তুলে ধরেন: ‘কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে/ নিঃশব্দ প্রখর/ ছায়ামূর্তি তব অনুচর!’ কেবল তো ঝড়ঝঞ্ঝা নয়, বৈশাখের তীব্র দাবদাহও রয়েছে। কবি বৈশাখের মধ্যে প্রবল শক্তির উন্মত্ততাও প্রত্যক্ষ করেছেন এবং তাকে আবাহন করছেন: ‘দুঃখ সুখ আশা ও নৈরাশ/ তোমার ফুৎকারক্ষুব্ধ ধুলা-সম উড়ুক গগনে...।’ বৈশাখের শুধু শক্তিমত্ততা প্রত্যক্ষণ নয়, কবির প্রত্যাশা: ‘হে বৈরাগী করো শান্তি পাঠ/ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে,/... পূর্ণ করি মাঠ।/ হে বৈরাগী করো শান্তি পাঠ।’

বৈশাখ কেবল ‘ভৈরব’ ও ‘রুদ্র’ রূপের জন্য কবির কাছে আগ্রহের মাস নয়। এ মাসেই তার জন্মের শুভক্ষণ। তাই পঁচিশে বৈশাখ নিয়ে রবীন্দ্রনাথ যেমন কবিতা লিখেছেন তেমনি অবিস্মরণীয় গানও রচনা করেন। কবিতাটি পূরবী কাব্যের অন্তর্ভুক্ত ‘পঁচিশে বৈশাখ’ (রচনা ২৫ বৈশাখ ১৩২৯)। জন্মদিন নিয়ে কবির উচ্ছ্বাস-আনন্দ এবং কৌতূহল: ‘রাত্রি হল ভোর।/ আজি মোর/ জন্মের স্মরণপূর্ণ বাণী,/ প্রভাতের রৌদ্রে-লেখা লিপিখানি/ হাতে করে আনি/ দ্বারে আসি দিল ডাক/ পঁচিশে বৈশাখ।’  কবি উপলব্ধি করেন তার জন্ম দিবসটি ‘নানা বেশে ফিরে আসে ধরণীর পরে’। তাই দিবসটির একটিমাত্র তাৎপর্য নয়। প্রতি বছর ফিরে আসা ‘পঁচিশে বৈশাখ’ চির এক নতুনকে নিয়ে এসে কবির জন্মদিনকে ভিন্নতর তাৎপর্য দেয়। তিনি লক্ষ করেন: ‘এই দিন এলো আজ প্রাতে/ যে অনন্ত সমুদ্রের শঙ্খ নিয়ে হাতে,/ তাহার নির্ঘোষ বাজে/ ঘন ঘন মোর বক্ষোমাঝে।/ জন্ম-মরণের দিগ্বলয়-চক্ররেখা জীবনেরে দিয়েছিল ঘের,/ সে আজি মিলাল।’ জন্ম-মৃত্যুর অনিবার্যতা জীবনকে রুদ্ধ করেছিল- তা নতুন জন্মদিনের কাছে পরাভূত হলো। আর তখন নতুন এক পঁচিশে বৈশাখ ‘শুভ্র আলো/ কালের বাঁশরি হতে উচ্ছ্বসি যেন রে/ শূন্য দিল ভরে।’ প্রতিবার পঁচিশে বৈশাখ কবির কাছে ফিরে এসে কেবল তার শূন্যতা দূর করে তা নয়, পূর্ণতাও দান করে ‘শুভ্র আলো’ দিয়ে। জন্মদিনে কবির উপলব্ধি: ‘আলোকের অসীম সঙ্গীতে/ চিত্ত মোর ঝংকারিছে সুরে সুরে রণিত তন্ত্রীতে।’

বৈশাখ নিয়ে রবীন্দ্রনাথ বেশকিছু গানও রচনা করেছেন। সবচেয়ে জনপ্রিয় গানটি হলো: ‘এসো হে বৈশাখ এসো এসো।’ বৈশাখকে আবাহন করে এ গান রচনা করেন ২০ ফাল্গুন ১৩৩৩ শান্তিনিকেতনে। মূলত শান্তিনিকেতনে বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই কবি ঋতুভিত্তিক আনুষ্ঠানিক-সংগীত রচনা শুরু করেন। সারা বছরজুড়ে শান্তিনিকেতনে ঋতুভিত্তিক উৎসবের সূচনা হয়। এর মধ্যে নববর্ষবরণ, বর্ষামঙ্গল, পৌষ মেলা ও উৎসব, শারদোৎসব এবং বসন্ত উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া বৃক্ষরোপণ ও হলকর্ষণ উৎসব এবং কবির জন্মদিন উপলক্ষে পঁচিশে বৈশাখ উদ্‌যাপনও ছিল। ঋতু-অনুষ্ঠানের জন্যই রবীন্দ্রনাথ বৈশাখ নিয়ে কিছু গান রচনা করেন। ‘এসো হে বৈশাখ’ গানে বৈশাখকে মঙ্গলসূচক বার্তা নিয়ে আসার আহ্বান কবির: ‘এসো হে বৈশাখ এসো এসো/ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।’ বৈশাখের যে রুদ্রতা, রুক্ষতা এবং শক্তির উগ্রতা- তার মধ্যেও কবি কল্যাণ লক্ষ করেন: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জ্বরা,/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।’ বৈশাখ প্রলয়ের শাঁখ বাজিয়ে জীবনের ‘মায়ার কুজ্ঝটিজাল’কে ছিন্ন করবে- তবেই তো আসবে জীবনে নতুন ও শুভ বার্তা।

বৈশাখ নিয়ে রবীন্দ্রনাথের আরও কয়েকটি গান যেমন: ‘ওই বুঝি কালবৈশাখী’, ‘বৈশাখ হে মৌনী তাপস কোন অতলের বাণী’, ‘নমো নমো হে বৈরাগী’, ‘হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে’, ‘বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ’, ‘চক্ষে আমার তৃষ্ণা ওগো, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে’ ইত্যাদি। এ ছাড়া বৈশাখ বা গ্রীষ্ম ঋতুর বিশেষত্ব নিয়ে কিছু গান রচিত হয়েছে; এতে বৈশাখের প্রখরতা, শুষ্কতা, ‘দুঃসহ তাপ বহ্নি’, ‘রুদ্রবাণী’ ইত্যাদি প্রকাশ পেয়েছে। ‘চক্ষে আমার তৃষ্ণা ওগো, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে’ গানটিতে কবি নিজেকে ‘বৃষ্টিবিহীন বৈশাখী দিন’-এর সঙ্গে উপমায়িত করেন। এরকম আরেকটি গান: ‘প্রখর তপনতাপে, আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার।’ প্রকৃতির মধ্যে আকাশের তৃষ্ণা, বায়ুর হাহাকার ইত্যাদি বিদ্যমান। কিন্তু এই তৃষ্ণা ও হাহাকার কবির নিজেরই- তা তিনি প্রকৃতির সঙ্গে মিলিয়ে তবেই উপলব্ধি করতে পারেন।

রবীন্দ্রনাথ যেমনটি নিজের জন্মদিন ‘পঁচিশে বৈশাখ’ উপলক্ষে কবিতা রচনা করেন, তেমনই নিজের জন্মদিনের গানও লিখেছেন। বিখ্যাত গানটি: ‘হে নূতন,/ দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ।’ কবির মৃত্যুর কয়েক মাস আগে ২৩ বৈশাখ ১৩৪৮-এ গানটি রচিত। তার জীবদ্দশায় শেষ জন্মদিনে গানটি গাওয়া হয়। দেশ-বিদেশে উদ্‌যাপিত রবীন্দ্রনাথের জন্মদিন এ গান ছাড়া সম্পূর্ণতা পায় না। এ গানের অবিস্মরণীয় ভাবৈশ্বর্য লক্ষণীয়। নিজের জন্মদিনের প্রসঙ্গ গানটিতে উল্লেখ থাকলেও তা রচনাকৌশলের কারণে ব্যক্তি প্রসঙ্গ ছাপিয়ে নৈর্ব্যক্তিক হয়ে উঠেছে: ‘ব্যক্ত হোক জীবনের জয়/ ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময়।... চির নূতনেরে দিল ডাক/ পঁচিশে বৈশাখ।’ এ গানে প্রতিটি মানবশিশুর জন্মকে স্বাগত জানানো হয়েছে। এভাবে সসীম জীবনের মধ্যে অসীমের প্রকাশঘটান কবি। নিজের জন্মদিনের শুভক্ষণের মধ্যে রবীন্দ্রনাথ প্রতিটি মানবশিশুর জন্মের চির নতুনত্ব খুঁজে পেয়েছেন। 

রবীন্দ্রনাথ বাংলার ষড়ঋতু ও বারো মাসের অনুষঙ্গ নিয়ে কিছু না কিছু লিখেছেন। সঙ্গত কারণেই বৈশাখ নিয়েও কবির সবিশেষ কৌতূহল ছিল। মানবচরিত্র এবং মানস গঠনে প্রকৃতি-প্রতিবেশ ও পরিবেশের ভূমিকা প্রশ্নাতীত। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশ ও পরিবেশের যে পরিবর্তন ঘটে তার প্রভাব কোনো সংবেদনশীল মানুষ এড়িয়ে যেতে পারে না। রবীন্দ্রনাথও তা এড়াতে পারেননি। আমরা তার বিবিধ রচনায় প্রতিবেশ-পরিবেশের অনুষঙ্গে নানা তাৎপর্যে ঋতুকথন লক্ষ করি। তেমনি ‘বৃষ্টিবিহীন বৈশাখী দিন’ অথবা ‘বৈশাখ হে মৌন তাপস’ এমন শিল্পিত করে বৈশাখ-বন্দনা আমাদের প্রকৃতির আরও নৈকট্যে নিয়ে যায়।

লেখক: অধ্যাপক, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া