এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভীর হাত থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি চ্যাম্পিয়ন ভারত। নকভীও অন্য কোনো মাধ্যমে দেবেন ট্রফি। এ নিয়ে দ্বন্দ্বে পড়ে আছে ট্রফি, যা নিয়ে অবশেষে পাকিস্তান এবং ভারতের সমঝোতা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোলের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া আজ শনিবার (৮ নভেম্বর) নিশ্চিত করেছেন। জানিয়েছেন, এশিয়া কাপের ট্রফি বিতর্কের বিষয়টি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসা হয়েছে।
গতকাল শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভার ফাঁকে এ নিয়ে আলোচনা হয়। সাইকিয়া জানিয়েছেন, উভয় পক্ষই এখন যত দ্রুত সম্ভব অচলাবস্থা নিরসনে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি স্পোর্টস্টারকে বলেন, ‘বরফ গলেছে। আমি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক- দুই সভাতেই উপস্থিত ছিলাম। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভীও সেখানে ছিলেন। তবে এই বিষয়টি আনুষ্ঠানিক সভার আলোচ্যসূচিতে ছিল না। আইসিসি আলাদাভাবে একটি বৈঠকের ব্যবস্থা করে, যেখানে আমি ও পিসিবি চেয়ারম্যান উপস্থিত ছিলাম, সঙ্গে ছিলেন একজন জ্যেষ্ঠ আইসিসি কর্মকর্তা। এটি ছিল আলোচনার প্রক্রিয়া শুরু করার একটি ইতিবাচক পদক্ষেপ। উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণভাবে বৈঠকে অংশ নেয়। আশা করছি, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’
গত সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে ভারত পাঁচ উইকেটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে। তবে বিসিসিআই তখন পিসিবি চেয়ারম্যান নকভীর কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। নকভী একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এএসসি ও পিসিবির চেয়ারম্যান। এরপর বিসিসিআই এএসসিকে চিঠি লিখে ট্রফিটি ফেরত চায়। কিন্তু তাতে সাড়া না মেলায় বিষয়টি আইসিসি বৈঠকে উত্থাপন করা হয়।
অনিক/