টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। আর এই সিদ্ধান্তের জেরে আইসিসির কড়া হুঁশিয়ারিকে সঠিক বলে মন্তব্য করেছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুক্লা বলেন, ‘আইসিসি এই বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছে এবং খেলোয়াড়সুলভ আচরণের কথা তুলে ধরেছে। আমরা সম্পূর্ণভাবে আইসিসির সঙ্গে একমত। আইসিসির সঙ্গে কথা না বলা পর্যন্ত বিসিসিআই আলাদা কোনো মন্তব্য করবে না।’
পাকিস্তানের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে, যা এসেছে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার ঘটনার পর। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
এই ঘটনার পর পাকিস্তান সরকার জানায়, দলটি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে না। আইসিসি ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে যে, ম্যাচ বয়কট করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যার মধ্যে আর্থিক জরিমানাও রয়েছে। যদিও ওয়াকওভার হলে ভারত পূর্ণ পয়েন্ট পাবে, তবে আইসিসি চায় টুর্নামেন্টের মর্যাদা ও খেলাধুলার ন্যায্যতা বজায় রাখতে।
পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে তারা। তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর এসএসসি গ্রাউন্ডে।
অনিক/