শীতের সকাল। সূর্যটা সবে কুয়াশা সরিয়ে উঁকি দিচ্ছে। বাড়ির উঠানে মাটির চুলার আগুনের পাশে বসে আছে বছর চারেকের এক বাচ্চা আর তার মা। ভালো করে সোয়েটার, চাদর মুড়ি দিয়ে মায়ের কোলঘেঁষে টুকটুক করে লিখে চলেছে ছেলেটা।
থেকে থেকে মায়ের কাছ থেকে শুনে নিচ্ছে লেখা থামিয়ে। লিখতে লিখতে কখনো পেনসিলে হাত শক্ত হয়ে চেপে বসছে। কখনো চোখ ছলছল। ছেলেটা সেই গল্পটাই লিখছে। পাশের বাসার মানুষটা প্রায় প্রতিরাতেই বউকে মারে। ডোমেস্টিক ভায়োলেন্সকে তখন খুব একটা গা করে না মানুষও। যেন খুব স্বাভাবিক ব্যাপার। মজার ছলে এ নিয়ে গল্পগুজব করে। মায়ের দুশ্চিন্তা ছেলেকে নিয়ে। এ পরিবেশ দেখে বড় হতে হতে ছেলে আবার এটাকেই স্বাভাবিক ভেবে নেবে না তো? এই ছোট্ট ছেলের মনে দাগ না ফেলে কীভাবে বিষয়টা বোঝানো যায়, তা নিয়ে মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। কীভাবে ছোট্ট মনে দাগ না ফেলে বুঝিয়ে দেওয়া যায় যে, ডোমেস্টিক ভায়োলেন্স কখনোই গ্রহণযোগ্য নয়। ভাবতে ভাবতে বুদ্ধি এল মায়ের মাথায়।
ছেলের গল্প শোনায় খুব আগ্রহ। একই গল্প বারবার শোনাতেও আপত্তি নেই। এক সকালে ছেলেকে বললেন, অনেক তো গল্প শুনলে। এবার আমরা একটা গল্প লিখব। ঠিক আছে? অভূতপূর্ব এ প্রস্তাবে বাচ্চা ছেলে তো লাফিয়ে উঠল, কখন লিখব আম্মু? কখন? সেই আইডিয়া থেকেই শীতের সকালের ওই দৃশ্য। মা মুখে বলে দিচ্ছে আর ছেলে লিখে যাচ্ছে। গল্পের চরিত্রও তার পরিচিত। অত্যাচারিত বউটিকে নিয়ে গল্প। অত্যাচারের গল্প লিখতে লিখতে রাগে ফুঁসছে ছেলেটা কখনো। কখনো আবার বউটির দুঃখে কষ্ট পাচ্ছে। লিখতে লিখতে শেষে যখন বউটি ন্যায়বিচার পাচ্ছিল, খুশিতে আত্মহারা ছেলে। মায়ের মুখেও হাসি। ছেলের খুশি দেখে কপালের দুশ্চিন্তার ভাঁজটা সোজা হয় মায়ের। নিজের হাতে লেখা গল্পটা হৃদয়ে গেঁথে থাকবে। ভুলবে না এত সহজে। মায়ের ভাবনাটা ভুল নয়। সেই গল্পের শিক্ষণীয় বিষয়টা ভুলে যায়নি ছেলেটা।
এই হিম মেশানো উষ্ণ স্মৃতিটা আমার গল্প। আমার লেখার হাতেখড়ি থেকে গল্পচ্ছলে ন্যায়-অন্যায় বোধ তৈরি হওয়ার গল্প। আম্মু কখনো জোর করে কিছু চাপিয়ে দিয়ে শেখাননি। সবসময় এরকম গল্পচ্ছলে দেখিয়ে দিয়েছেন সঠিক পথটা। যে কারণে বিষয়গুলো মনে দাগ কেটে থেকে গেছে, হারিয়ে যায়নি কখনো। আম্মুর কোলে বসে গল্প শুনতে শুনতেই রূপকথার রাজ্যে ঘুরে বেড়ানো শুরু। বইয়ের পাতায় হারিয়ে যেতে শেখা, তার কাছ থেকেই। লেখার হাতেখড়ি থেকে লেখার প্রেমে পড়াটাও তিনিই শিখিয়েছেন। মনের অবুঝ কথাগুলো থেকে শুরু করে আজকালের খটমটে থিসিস লেখার পথটিও আম্মুই শুরু করে দিয়েছিলেন। গল্পের মধ্যদিয়ে কখন আমাকে মানুষ করে তুলছিলেন তাও বুঝতে দেননি। মাটির পুতুল থেকে ধীরে ধীরে মানুষের আকারে গড়ে তোলা আমার শ্রেষ্ঠ শিক্ষকটি আর কেউ নন, আমার মা।
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়