চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলাম (৩৭) সহ তিন ব্যাক্তিকে চাঁদাবাজির মামলায় ৫ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক ধারায় আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় আসামিদের।
রবিবার (১২ জুলাই) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালত এর বিচারক মো. কামাল হোসাইন এই রায় দেন।
মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলাম, মো. সোহেল সরকার ও মো. মাসুম সরকার। তাদের সবার বাড়ি মতলব দক্ষিণ উপজেলা সদরে।
শফিকুল ইসলাম চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় কার্ডধারী সংবাদকর্মী ছিলেন। তার এ ধরণের কাজের জন্য স্থানীয়ভাবে বেশ কয়েকবার সতর্ক করা হলেও তিনি ছিলেন বেপরোয়া।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ১৬ এপ্রিল ভোরে মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া সোলেমানশাহ ফিলিং স্টেশনের সামনে উল্লেখিত আসামিরা মতলব উত্তর উপজেলার আমিরাবাদ সওদাগর বাড়ির মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের অভিযোগ ছিলো জাহাঙ্গীরের পিকআপে অবৈধ মাছ আছে। এই বলে তার জাহাঙ্গীরের মাছসহ পিকআপভ্যানের গতিরোধ করে এবং নিজেদেরকে সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন।
এই ঘটনায় ওইদিনই মতলব উত্তর থানায় জাহাঙ্গীর বাদী হয়ে তিন আসামির বিরুদ্ধে মামলা করেন। ওই মামলাটি তদন্ত করেন তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল। তিনি মামলাটি তদন্ত করে ওই বছর ১৪ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলাটি চলমান অবস্থায় আদালত ৯ জনের স্বাক্ষ্য নেন। মামলার নথিপত্র পর্যালোচনা, স্বাক্ষ্য প্রমাণ ও আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামি মাসুম সরকার অনুপস্থিত ছিল।
ফয়েজ আহমেদ/অন্তরা/