আমাদের সমাজে অনেক তরুণ আছেন যারা ‘না’ বলতে পারেন না। বন্ধুর অনুরোধ, আত্মীয়ের চাপ বা সামাজিক সম্পর্কের ভয়ে তারা সব সময় ‘হ্যাঁ’ বলেন, যদিও ভেতরে ভেতরে তা না চাইলেও। কিন্তু জীবনের প্রতিটি পর্যায়ে ‘না’ বলা শেখা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা- এটি আত্মসম্মান রক্ষা করে, সময় ও শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে সাহায্য করে এবং নিজের প্রতি সৎ থাকতে শেখায়।
নিজের সীমা চিনে নেওয়া
প্রত্যেক মানুষেরই মানসিক, শারীরিক ও সময়ের একটা সীমা আছে। সবকিছু করতে চাওয়া বা সবাইকে খুশি রাখার চেষ্টা ক্লান্ত করে তোলে। তরুণ বয়সে এই সীমা না বুঝলে অন্যরা সহজেই সুযোগ নেয়। তাই আগে জানতে হবে- কোনো কাজ বা সম্পর্ক আপনার শক্তি ও সময়ের উপযুক্ত আর কোনোটি নয়। নিজের সীমা জানা মানেই নিজেকে রক্ষা করা।
‘না’ মানে নেতিবাচক নয়
অনেকে মনে করেন ‘না’ বললে সম্পর্ক নষ্ট হয় বা অন্যরা কষ্ট পায়। কিন্তু বাস্তবে, ‘না’ বলা মানে আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন। এটি আত্মসম্মানের প্রকাশ। সঠিকভাবে, ভদ্রভাবে এবং যুক্তিসংগতভাবে না বলতে পারা মানুষকে পরিণত ও আত্মবিশ্বাসী করে তোলে।
জীবনে অগ্রাধিকার নির্ধারণ করুন
তরুণদের জীবন নানা সম্ভাবনায় ভরা। কেউ পড়াশোনায় মনোযোগী, কেউ নতুন কিছু শিখতে চায়, কেউ নিজের প্যাশন খুঁজছে। কিন্তু প্রতিদিন অনেক প্রলোভন আসে- বন্ধুর পার্টি, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট বা এমন দায়িত্ব, যা নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয়। এসব ক্ষেত্রে ‘না’ বলতে পারাই জীবনের অগ্রাধিকার ঠিক রাখার চাবিকাঠি।
আত্মবিশ্বাস গড়ে তুলুন
‘না’ বলতে পারার জন্য আত্মবিশ্বাস প্রয়োজন। নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা, নিজের মূল্যবোধে বিশ্বাস রাখা- এসবই চর্চার বিষয়। প্রথমে ছোট ছোট জায়গায় শুরু করুন যেমন- অপ্রয়োজনীয় কাজে না বলা বা সময় নষ্ট করা কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করা। ধীরে ধীরে আপনি দেখবেন, ‘না’ বলা সহজ হয়ে যাচ্ছে।
সম্পর্ক টিকিয়ে রেখে না বলা
না বলার সময় রূঢ় না হয়ে বিনয়ী হওয়া জরুরি। উদাহরণস্বরূপ, ‘এটা এখন আমার পক্ষে সম্ভব নয়’ বা ‘আমার সময়সূচি অন্য কিছুর জন্য নির্ধারিত’ এমনভাবে বললে সম্পর্কের সৌজন্য বজায় থাকে, আবার নিজের অবস্থানও পরিষ্কার হয়।
মনে রাখবেন, ‘না’ বলা শেখা মানে জীবনের দরজা বন্ধ করা নয়, বরং সঠিক দরজা বেছে নেওয়া। যে তরুণ ‘না’ বলতে জানে, সে নিজের জীবনের চালক নিজেই। সে জানে কখন থামতে হবে, কখন এগোতে হবে। তাই আজ থেকেই শুরু করুন- নিজের সীমা জানুন, অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্ত হোন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলুন- ‘না, এটা আমার পথ নয়।’