বাংলাদেশে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) বিক্রির মাইলফলক অর্জন করেছে বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে গত শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিওয়াইডির কর্মকর্তা, ক্রেতা, ডিলার পার্টনার, অটোমোবাইল খাতের সংশ্লিষ্ট ব্যক্তি, কনটেন্ট নির্মাতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াতব্যবস্থা বিস্তারে প্রতিষ্ঠানটির পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইমতিয়াজ নওশের। বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে বিওয়াইডি। এই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’ বাজারজাতকরণের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর থেকে বিভিন্ন দামের একাধিক এনইভি মডেলের মাধ্যমে এ দেশের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে তারা।
বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান বলেন, দেশে ১ হাজারের বেশি এনইভি বিক্রির মাইলফলক ক্রেতাদের আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও বাংলাদেশে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহার সহজলভ্য করতে কাজ চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।
প্রধান বিপণন কর্মকর্তা ইমতিয়াজ নওশের বলেন, দেশে বৈদ্যুতিক যানবাহনের বাজার সম্প্রসারণে বিওয়াইডি কাজ করছে। নতুন প্রযুক্তি, গ্রাহকসেবা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই যাতায়াতব্যবস্থা গড়ে তুলতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও উদ্যোগ অব্যাহত রাখবে।
বিওয়াইডি জানিয়েছে, বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে নতুন প্রযুক্তি ও সেবায় বিনিয়োগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
