বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে দাবি করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা একটি ইটের টুকরা ছিটকে পেছনে থাকা নিরাপত্তাকর্মীদের গাড়িতে গিয়ে পড়ে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মাদারীপুরের পুলিশ সুপার।
ঘটনার অনুসন্ধান, এলাকা পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের আলোকে পুলিশ সুপার বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে সড়কপথে গাড়িবহর নিয়ে বরিশালের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি জিপে এসে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ, র্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে ছিটকে পেছনের গাড়িতে গিয়ে পড়ে।’
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, ‘ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত হিসেবে দাবি করা ওই যুবক ঘটনার পুরো সময় নিজের মোবাইল ফোনে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিল। প্রধানমন্ত্রী আসার আগে, আসার সময় এবং যাওয়ার পরও সে একটানা ভিডিও করেছে। তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত সড়কে থাকা ইটের টুকরা ছিটকে এসে গাড়িতে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এ ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
রফিকুল/রিফাত/