নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চিনিশপুরে এ ঘটনা ঘটে।
নিহত মোমিত হাসান তনু (১৯) কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজনের হাট গ্রামের মোমিনের ছেলে। তিনি কাদির মোল্লা সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কার্তিক চন্দ্র রায় জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, তনু কলেজের পাশেই একটি মেসে থেকে পড়ালেখা করতেন। আজ তার শেষ পরীক্ষা ছিল। ব্যবহারিক খাতা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিনি। চিনিশপুরের ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দক্ষিণ পাশের রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মাহমুদুদুল হাসান জানান, পরীক্ষা শেষে আজই তনুর বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না।
এ সময় নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।