ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২ অক্টোবর) ভোর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ী বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
জানা যায়, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাসকে রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। দুটি বাস চলাচলের অনুমতি থাকলেও এ রুটে গোল্ডেন লাইন পরিবহনের ৫-৬টি বাস চলছিল। ফলে রাজবাড়ী বাস মালিক সমিতি থেকে গোল্ডেন লাইনের দুটি বাস রেখে বাকিগুলোর যাত্রী নামিয়ে দেওয়া হয়। এর জেরে গতকাল সন্ধ্যায় ঢাকার গাবতলীতে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা রাজবাড়ীর সব কাউন্টার বন্ধ করে রাজবাড়ী থেকে ঢাকায় কোনো গাড়ি আসবে না এবং ঢাকা থেকে কোনো গাড়ি রাজবাড়ী যাবে না বলে ঘোষণা দেয়। ফলে সোমবার সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজবাড়ী বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান বলেন, কিছুদিন আগে রাজবাড়ী বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা না করেই গোল্ডেন লাইন ঢাকা-রাজবাড়ী রুটে বাস চালু করে। তখন আমরা বাধা দিলে দুদিন বন্ধ থাকার পর আলোচনার মাধ্যমে তাদের দুটি বাস চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু এখন তারা ইচ্ছামতো বাস চালু করছে। দুটির অনুমতি থাকলেও এখন তারা ৬টি বাস নামিয়েছে। এজন্য আমরা তাদের দুটি বাস রেখে বাকিগুলো চলাচলে বাধা দেই। তাই তারা আমাদের গাবতলীর সব কাউন্টার বন্ধ করে দেয়।
রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক পাল জানান, ঢাকার সঙ্গে রাজবাড়ী সরাসরি বাস চলাচল বন্ধ থাকলেও লোকাল বাস চলছে। একটু কষ্ট হলেও যাত্রীদের ঢাকা যাওয়া-আসা থেমে নেই।