মানিকগঞ্জে বেড়েছে ডেঙ্গু রোগী। গেল সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪৮ জন, যা মোট আক্রান্তের দুই-তৃতীয়াংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ২৯০ জন। এরমধ্যে ছয়জন মারা গেছেন। গত জুলাইয়ের শেষে রোগীর সংখ্যা ছিল ৬৫১ জন, আগস্টে বেড়ে তা হয়েছে দুই হাজার ২৬৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্টি জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) কাজী একেএম রাসেল জানান, সদর হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্টি ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে। বর্তমানে ১০০ শয্যার মধ্যে ১০০ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪৩ জন পুরুষ, ৪৬ জন নারী ও ১১ জন শিশু।
তিনি জানান, আগস্টে চিকিৎসা নিয়েছেন ৫০১ জন। সেপ্টেম্বরে এই সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। বর্তমানে হাসপাতালে স্যালাইন টেস্টিং কিটের কোন সংকট নেই। তবে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হতে পারে।
জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান জানান, গত কয়েক সপ্তাহ ধরে জেলায় নতুন করে ১৪০ থেকে ১৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তপক্ষকে মশা নিধনের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনগনকেও সচেতন করতে হবে। জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর বিশেষ যত্ন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ।
এ ছাড়াও ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।